বাংলাদেশের খবর

আপডেট : ০৮ August ২০২৪

স্বাধীনতা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: ড. ইউনূস


তরুণদের নেতৃত্বে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে বলে মন্তব্য করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (৮ আগস্ট) ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে ঢাকায় পৌঁছে হজরত শাহজালাল বিমানবন্দরে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে এমন মন্তব্য করেন তিনি।

ড. ইউনূস বলেন, এ স্বাধীনতাকে আরও মজবুত করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। যে তরুণ সমাজ এটিতে নেতৃত্ব দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। তারা এ দেশকে নতুনভাবে পুনর্জন্ম দিয়েছে। এ স্বাধীনতা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

জনসাধারণকে সংখ্যালঘুদের ওপরসহ প্রতিটি হামলা বন্ধে তৎপর থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, আপনারা যদি আমার ওপর বিশ্বাস রাখেন, ভরসা রাখেন তাহলে নিশ্চিত থাকুন দেশের মানুষের ওপর কোথাও হামলা হবে না। আমার প্রথম কথা হলো আপনারা বিশৃঙ্খলা, সহিংসতা থেকে দেশকে রক্ষা করুন।

নোবেলজয়ী এ অর্থনীতিবিদ বলেন, আমাদের দায়িত্ব হলো সরকারের কাঠামোগুলো পরিবর্তন করা, মানুষকে রক্ষা করা। মানুষ যাতে সরকারের ওপর আস্থা রাখে। বাংলাদেশ একটি পরিবার, সম্পদ-জনগণ সবই আমাদের। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরক ষড়যন্ত্রের অংশ হিসেবে মন্তব্য করেন তিনি।

তরুণদের প্রশংসা করে তিনি বলেন, যে তরুণ সমাজ এটা সম্ভব করেছে তাদের প্রতি আমার সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এরা এই দেশকে রক্ষা করেছে। এ দেশকে নতুনভাবে পুনর্জন্ম দিয়েছে। এই পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম, সে বাংলাদেশ জন্য অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে, এটি হলো আমাদের শপথ। এটা আমারও রক্ষা করতে চাই। এগিয়ে যেতে চাই। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১