বাংলাদেশের খবর

আপডেট : ২৯ June ২০২৪

কুষ্টিয়ায় লালন অনুসারী বৃদ্ধার ঘর ভাঙচুর


কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ায় মসজিদে আলোচনা করে লালন অনুসারী এক বৃদ্ধার ঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। বুধবার(২৬ জুন) সকালে কুষ্টিয়া সদর উপজেলার টাকিমারা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী বৃদ্ধা লালন অনুসারী মৃত গাজির উদ্দিন ফকিরের স্ত্রী চায়না বেগম। এ ঘটনায় তিনি কুষ্টিয়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে ওই এলাকার সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য এনামুল হক, মাতব্বর মোশারফ হোসেন, আনার মণ্ডল ও সাইদুল হাজির নাম উল্লেখসহ বাড়িঘর ভাঙচুর করে অন্তত লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করার কথা বলা হয়েছে। ৮০ বছর বয়সী এই বৃদ্ধা বলেন,চেয়েছিলাম জীবনের শেষ দিনগুলো স্বামীর কবরে মাথা ঠেকিয়ে কাটিয়ে দেবো। ভিটেমাটিতে প্রতিদিন জ্বলবে সন্ধ্যা প্রদীপ। কিন্তু সেই ইচ্ছে পূরণ হয়নি এলাকার লেবাসধারী মানুষদের জন্য। তারা এলাকার মসজিদে মাইকিং করে আমার ঘর ভেঙে দিয়েছে। চায়না বেগম আরো বলেন, আমার স্বামী মৃত্যুর আগে বলে গেছেন, কোথাও জায়গা নাহলে তুমি আমার কবরের পাশেই থাকবা।

প্রতিবছর বাতাসার সিন্নি হলেও করবা। তার কথা রাখতেই ঘরখানা তৈয়ার করি। কিন্তু এলাকার লোকজন আমাকে না জানিয়েই সব ভেঙে ফেলেছে। ঘটনা জানতে পেরে প্রতিবাদ করে হামলার শিকারও হয়েছি। তার দাবি বাড়ি ভাঙার প্রতিবাদ করলে তাকেও ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়েছে। টাকিমারা গ্রামে গিয়ে দেখা যায়, মাঠের মধ্যে স্বামীর কবরের পাশে স্থাপিত বৃদ্ধার ঘরটি ভেঙে ফেলা হয়েছে। টিনের চালা ও বাঁশ-কাঠ ছড়িয়ে ছিটিয়ে আছে। স্থানীয়রা জানায়,বুধবার সকালে মসল্লিরা স্থানীয় মসজিদে ফজরের নামাজ আদায় করতে গেলে নামাজ শেষে ইমাম সাহেব ওই মাজার ইসলাম ধর্মের পরিপন্থী জানিয়ে আলোচনা করেন।

এরপরেই স্থানীয়রা এক হয়ে লালন অনুসারী ওই বৃদ্ধের ঘর ভাঙচুর করে। চায়না বেগমের বোন জামাই সাধু শাহাবুদ্দিন সাবু বলেন, আমাদের অপরাধটা কী? আমরা সাধু সমাজ কি নিজের জমিতেও আর থাকতে পারবা না। আজকে সাধুর ঘর কেন ভাঙা হলো? সাধু সমাজকে কেন অপমান করা হলো। আমরা এই ঘটনার বিচার চাই। বটতৈল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে জানান,দুই পক্ষকে শান্ত থাকতে বলা হয়েছে। বিষয়টি থানা পুলিশ দেখছে। মসজিদে মাইকিং বিষয়ে তিনি জানান, ওই মসজিদের ইমাম সাহেবকে সরিয়ে দেয়ার জন্য বলা হয়েছে।

এ বিষয়ে সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য এনামুল হকের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ সোহেল রানা আজকের পত্রিকাকে জানান,অভিযোগের ভিত্তিতে শুক্রবার বিকেলে উভয়পক্ষকে থানায় ডাকা হয়েছে। সেখানে একটি সুষ্ঠু সমাধানের চেষ্টা করা হবে। না হলে আইনগত ব্যবস্থা নেবো।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১