আপডেট : ১২ May ২০২৪
সবুজ মিয়া, গংগাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়ায় চরাঞ্চলের কৃষকদের তামাক চাষে নিরুৎসাহিত করতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি সিএসআর অ্যাগ্রো প্রকল্পের উদ্যোগে ও তামাক চাষ অধ্যুষিত অঞ্চলে তামাকের পরিবর্তে গম ও ভুট্টা উৎপাদন কর্মসূচির আওতায় ফসল কাটা মাড়াই উৎসব ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১মে) বিকেলে উপজেলার লক্ষীটারি ইউনিয়নের পূর্ব ইচলি নামক চরে কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় কৃষকদের ফসল কাটা-মাড়াই উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা এমপি। প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ চরের কৃষকদের উদ্দেশ্যে বলেন, চরাঞ্চলের কৃষকদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে বর্তমান আওয়ামীলীগ সরকার। তিনি চরাঞ্চলের কৃষকদের সমবায়ের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। স্থানীয় প্রতিনিধিদের বক্তব্যে চরাঞ্চলের বাসিন্দাদের উৎপাদিত ফসল সহজ পরিবহণে নতুন রাস্তাঘাট নির্মাণ, তিস্তা নদীর বন্যা নিয়ন্ত্রণে বেরী বাধ নির্মাণ, ৬২ সালের মাঠ রেকর্ড সংশোধন করে চরের কৃষকদের মালিকানা প্রদান, মিল্ক ভিটার খামারিদের শতকরা ৪ পারসেন্ট সুদে লোনের ব্যবস্থা করা, একটি বাড়ি একটি খামারের মাধ্যমে ঋণের ব্যবস্থা, চরাঞ্চলের মানুষদের জন্য সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুতের প্রয়োজনীয়তা, চল্লিশ শাল নামক চরে বিদ্যুতের ব্যবস্থা করাসহ উঠে আসা বিভিন্ন সমস্যার সমাধানে আশ্বাস প্রদান করেন। আলোচনা শেষে প্রতিমন্ত্রী এসকেএস বাজার সংলগ্ন এমফোরসি প্রকল্পের কার্যক্রম ভিত্তিক উদ্যোক্তা মেলা উদ্বোধন ও উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভা করেন। পরে তিনি উপজেলার গজঘন্টা ইউনিয়নের তাঁত মালিক ও শ্রমিকের সাথে মতবিনিময় সভা করেন। উল্লিখিত ২০২৩-২৪ রবি মৌসুমে তামাক চাষ অধ্যুষিত অঞ্চলে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি পিএলসির অর্থায়নে গংগাচড়া উপজেলার পূর্ব ইচলি চরে এবারে ৫৫ একর জমিতে হাইব্রিড ভুট্টা উৎপাদন করা হয়েছে। পল্লি উন্নয়ন একাডেমি বগুড়া'র মহাপরিচালক (অতিরিক্ত সচিব) খুরশিদ ইকবাল রেজভী এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর-১ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান বাবলু, ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপক পরিচালক এটিএম তাহমিদুজ্জামান এফসিএস। এসময় চরাঞ্চলের স্থানীয় কৃষকদের সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন লক্ষীটারি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী। এছাড়া উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না, উপজেলা আ'লীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমীন, উপজেলা আ'লীগ সম্পাদক আজিজুল ইসলাম, এমপি প্রতিনিধি আব্দুল মতিনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,আ'লীগ নেতৃবৃন্দ,আ'লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১