বাংলাদেশের খবর

আপডেট : ৩০ April ২০২৪

মনোনয়ন প্রত্যাহার করলেন এমপিপুত্র পাপ্পা


নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর (বীর প্রতীক) ছেলে গোলাম মতুর্জা পাপ্পা। তিনি রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বিসিবির পরিচালক।

গত মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত মেনে মনোনয়ন প্রত্যাহার করেন।

গোলাম মতুর্জা পাপ্পা বলেন, দলের সিদ্ধান্ত আমার কাছে আদেশ। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি এবং মনোনয়নপত্র প্রত্যাহার করেছি।

তিনি বলেন, দীর্ঘদিন ১৯ বছর ধরে রাজনীতির মাঠে রয়েছি। সঙ্গে আছি আওয়ামী লীগের। দেশের কোথায় কী হচ্ছে সেটা বিষয় নয়, রূপগঞ্জ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘাঁটি। এখানে প্রধানমন্ত্রীর ইচ্ছা, দলের সিদ্ধান্তই আমার কাছে আদেশ।

তিনি আরও বলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ, দল ও দেশের সম্মানে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে দলের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে সম্মানের সঙ্গে মনোনয়নপত্র প্রত্যাহার করেছি।

আগামী ২১ মে অনুষ্ঠেয় দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে রূপগঞ্জে ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এখানে যারাই প্রার্থী থাকে না কেন, ভোটাররা কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানাই।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১