আপডেট : ২২ April ২০২৪
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা উত্তর পাড়া এলাকায় আমান উল্লার পুকুরে ভোরের সূর্য উঠতেই পাড়জুড়ে মাছ শিকারিদের তোড়জোড়। বড়শিতে লোভনীয় টোপ ফেলে অপেক্ষা করে মৎস্য শিকারির দল। গভীর জলের মাছ ডাঙায় তুলে আনার প্রতীক্ষার প্রহর কিছুতেই যেন শেষ হতে চায় না। এসব শৌখিন শিকারিরা এক হাজার পাঁচশ টাকায় টিকিট কেটে মাছ ধরছেন। সোমবার ভোর ৫টায় শুরু হওয়া এ মাছ ধরা চলবে বিকেল ৫টা পর্যন্ত। দীর্ঘ সাধনায় সফলতার মুখও দেখবেন কেউ কেউ।ইতোমধ্যে কেউ কেউ কাঙ্ক্ষিত মাছ পেয়ে গেছেন। হাসির ঝিলিক তখন মাছ শিকারিকে ছাপিয়ে ছুঁয়ে যাচ্ছে আশপাশের দর্শকদেরও।তবে অনিশ্চিত এ মাছ ধরার খেলায় হতাশও হচ্ছেন অনেকে। দীর্ঘ অপেক্ষায় মিলছে না মাছের দেখা। দিনভর এমন প্রচেষ্টায় কারো ভাগ্যে জোটবে খালই ভর্তি মাছ, আবার কেউবা বাড়ি ফিরবেন শূন্য হাতে। তবে মাছ ধরা পড়ুক আর নাইবা পড়ুক কর্মব্যস্ত জীবনে বিনোদন আর সময় কাটাতে অনেকেই দূরদূরান্ত থেকে এসেছেন আমান উল্লার পুকুরে। বিশাল এ পুকুরের পানিতে শৌখিন মৎস্য শিকারিদের দেখতে চারপাশে ভিড় করছেন দর্শনার্থীরা। শিকারিদের মধ্যে কেউ বড় মাছ পেয়ে খুব খুশি আবার কেউ আশানুপাত মাছ না পেয়ে হতাশ। তবে প্রতিযোগিতায় অংশ নেওয়া কম বেশি সবার বড়শিতে ধরা পড়ছে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছ। চতুর মাছ টোপ খেয়ে সটকে পড়ছে নীরবেই। এমন অভিযোগে করলেন শ্রীপুরের মৎস্য শিকারি মেরাজ হোসেন। তিনি বলেন, বড়শিতে মাছ শিকার করতে আমি অভ্যস্ত না। তবুও চেষ্টা করছি। দীর্ঘ প্রতীক্ষার পর মাছের টোপ গিলে ফেলা সত্যিই সৌভাগ্যের বিষয়। আমার সে সৌভাগ্য হয়েছে। বড়শিতে একটি দুই কেজি ওজনের মৃগেল মাছ উঠেছে। মাছ পেয়ে তৃপ্তির ঢেকুর তুলে তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের সুমন বলেন, ইতোমধ্যে বড় বড় তিনটি মাছ পেয়েছি। সমনে তো আরও সময় রয়েছে। আশা করছি আরও পাবো। তিনি বলেন, আমান উল্লার এ পুকুরটি এ এলাকার প্রায় শত বছরের প্রাচীন পুকুর। আমার বয়স ৩০ বছর। ছোট বেলা থেকেই শুনেছি মানুষ এখানে মাছ ধরতে আসে। যার ধারাবাহিকতায় আমিও মাছ শিকার করতে এসেছি। পুকুরের মালিক মৃত আমান উল্লাহ ছেলে জুবায়ের বলেন, বছরে তিন বার সুযোগ মেলে টিকিট কেটে এ পুকুরে মাছ ধরার। এক হাজার পাঁচশ টাকায় একটি টিকিটের বিপরীতে একজন মাছ ধরতে পারছেন।তিনি জানান, পুকুরটিতে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন ধরনের বড় বড় মাছ রয়েছে। এবার মোট ৩০ জন টিকিট কেটে মাছ ধরছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১