আপডেট : ২১ March ২০২৪
নিজস্ব প্রতিবেদক: উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে আজ। প্রথম ধাপের ১৫৩টি উপজেলায় নির্বাচন হবে। তবে এবার নতুন নিয়মে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ও নির্বাচন আচরণ বিধিমালা সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামানতের পরিমাণ ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করা হয়েছে। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে জামানত ৫ হাজার থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করা হয়। বিধিমালায়, উপজেলা পরিষদ নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ক্ষেত্রে ভোটারের সমর্থনসূচক সইসহ তালিকা জমা দেওয়ার বিধান বাদ দেওয়া হয়েছে। এ ছাড়া নির্বাচন ও আচরণ বিধিমালায় আরো কিছু সংশোধনী আনা হয়েছে। সংশোধিত বিধি অনুযায়ী প্রার্থীদের জামানত রক্ষায় প্রদত্ত ভোটের ১৫ শতাংশ ভোট পেতে হবে। এতদিন তা ছিল এক অষ্টমাংশ। এ ছাড়া এবার থেকে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে অনলাইনে। প্রতীক বরাদ্দের আগে প্রার্থীরা জনসংযোগ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালাতে পারবেন। প্রার্থীরা সাদাকালোর পাশাপাশি রঙিন পোস্টার ও ব্যানার করতে পারবেন। এ ছাড়া নির্বাচনের ফলাফল স্থগিত ও পুনরায় ভোটের নির্দেশ দেওয়ার বিষয়ে বিধিমালায় ইসির ক্ষমতা স্পষ্ট করা হয়েছে। গত ২০ ফেব্রুয়ারি এসব সংশোধনী আনার সিদ্ধান্ত নিয়েছিল ইসি। আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে এসব সংশোধনী প্রজ্ঞাপন আকারে জারি করেছে সংস্থাটি। আগামী উপজেলা নির্বাচনে এসব বিধান কার্যকর হবে। প্রথম ধাপের ১৫৩টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল আজ বৃহস্পতিবার ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তিনি বলেন, বৃহস্পতিবার (আজ কমিশন সভা রয়েছে। ভোটের তারিখ তো আগেই জানানো হয়েছে। প্রথম ধাপের পূর্ণাঙ্গ তফসিল কাল হতে পারে। গতকাল আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। সংশোধিত নির্বাচন বিধি ও আচরণবিধির বিষয়ে তিনি জানান, স্বতন্ত্র প্রার্থীদের হওয়ার জন্য ভোটারের স্বাক্ষর অনেক সময় দিতে চায় না। তাই অনেকে জাল স্বাক্ষর নেয়। এ কারণে কমিশন এটি তুলে দিতে চেয়েছে। আগের মতো দলীয় প্রার্থী দিতে পারবে, নাও দিতে পারবে। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে এক শতাংশ ভোটারের সমর্থন লাগে। এটা পরিবর্তন করতে হলে আইন পরিবর্তন করতে হবে। এজন্য তো সময় দরকার। আর এটা ত্রয়োদশ সংসদ নির্বাচনে করতে হবে। এটার জন্য সময় আছে। আচরণবিধির বিষয়ে তিনি জানান, এখন সাদাকালো পোস্টার ছাপানোই কঠিন হয়ে যাচ্ছে বলে প্রার্থীদের অভিযোগ ছিল। তাই রঙিন পোস্টারের বিধান আনা হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী প্রথম ধাপে যেসব উপজেলায় ভোট হবে সেগুলো হলোÑ সুনামগঞ্জের দিরাই ও শাল্লা; সিলেটের সিলেট সদর, বিশ্বনাথ, গোপালগঞ্জ ও দক্ষিণ সুরমা; মৌলভীবাজারের জুড়ি, কুলাউড়া ও বড়লেখা; হবিগঞ্জের আজমিরীগঞ্জ ও বানিয়াচং; ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও সরাইল; কুমিল্লার মনোহরগঞ্জ, লাকসাম, লাঙ্গলকোট ও চৌদ্দগ্রাম; চাঁদপুরের মতলব উত্তর, মতলব দক্ষিণ ও চাঁদপুর সদর; ফেনীর পরশুরাম ও ফুলগাজী; নোয়াখালীর সুবর্ণচর ও হাতিয়া; লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর; চট্টগ্রামের মিরসরাই, সীতাকুণ্ড ও সন্দ্বীপ; কক্সবাজারের কুতুবদিয়া, কক্সবাজার সদর ও মহেশখালী; খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি লক্ষ্মীছড়ি, রামগড় ও গুইমারা; খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা; রাঙ্গামাটির রাঙ্গামাটি সদর, কাউখালী, জুরাছড়ি ও বরকল; বান্দরবান পার্বত্য জেলার বান্দরবান সদর, রোয়াংছড়ি, থানচি ও আলীকদম।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১