আপডেট : ০৪ March ২০২৪
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে একটি কুরিয়ার সার্ভিসের অফিসে ঢাকায় বুকিংয়ের উদ্দেশ্যে লোহার তৈরি রোলারের ভেতরে অভিনব কায়দায় রাখা ৩৫২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। শনিবার রাত ১১টার দিকে সৈয়দপুর শহরের শহীদ তুলশীরাম সড়কে অবস্থিত সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসে অভিযান চালিয়ে ওইসব ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য আট লাখ ৮০ হাজার টাকা। ৩ মাচ রোববার দুপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বিষয়টি নিশ্চিত করেছেন। থানা পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ১০টার সময় শহরের শহীদ তুলশীরাম সড়কের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের শাখা অফিসে মাদকের একটি চালান ঢাকায় পাঠানোর জন্য বুকিং করা হচ্ছিল। গোপনে এমন সংবাদ পেয়ে সৈয়দপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম রাসেল পারভেজের নেতৃত্বে এস আই আহসান হাবিব, এসআই অপূর্ব চন্দ্র সরকারসহ পুলিশ সদস্যরা ওই কুরিয়ার সার্ভিসের শাখা অভিযান চালায়। সেখানকার ডেলিভারি সার্ভিস রুমে বিভিন্ন মালামালের সঙ্গে সাদা প্লাস্টিকের বস্তা দিয়ে মোড়ানো অবস্থায় চারটি লোহার তৈরি রোলার দেখতে পান তারা। এ সময় লোহার রোলার প্লাস্টিকের বস্তা দিয়ে মোড়ানো অবস্থায় দেখে সন্দেহ হয় পুলিশ সদস্যদের। পরে ওই কুরিয়ার সার্ভিসের ডেলিভারি ইনচার্জ রাশেদুল ইসলাম ওরফে হীরাকে (৪১) জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, রাত পৌনে ৯টার দিকে রোলারগুলো বুকিং করতে একটি কাগজে প্রেরক ও প্রাপকের নাম, ঠিকানা ও মোবাইল লিখে দেয়। ওই কাগজটিতে প্রেরক হিসেবে মো. জাবেদ খান, সৈয়দপুর এবং প্রাপকের নাম শফিউল, মোবাইল নম্বর উল্লেখসহ কোনাবাড়ি, ঢাকা উল্লেখ করা হয়। কিন্তু তারা রোলারগুলো বুকিং না করে কৌশলে সেখান থেকে সটকে পড়েন। তার দেয়া এমন তথ্যে পেয়ে পুলিশ রোলারগুলো খুলে ৩৫২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ফেনসিডিলসহ লোহার রোলারগুলো জব্দ করে থানায় নেয়া হয়। পরে ওই অফিসে সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করে মাদক ব্যবসায়ী মো. রানাকে সনাক্ত করে পুলিশ। সে দিনাজপুর জেলার হাকিমপুর উপজলার দক্ষিণ বাসুদেবপুর (চুড়িপট্টি) এলাকার মোক্তার হোসেনের পুত্র। বর্তমানে সে শহরের গোলাহাট এলাকায় বসবাস করে। সৈয়দপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম রাসেল পারভেজ লোহার রোলার থেকে ৩৫২ বোতল ফেনসিডিল উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ব্যাপারে সৈয়দপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১