বাংলাদেশের খবর

আপডেট : ০৪ March ২০২৪

স্মার্ট সোনারগাঁও গড়তে সাংবাদিকদের পাশে চান এমপি- কায়সার


সোনারগাঁও ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি:

স্মার্ট সোনারগাঁও গড়তে স্থানীয় সাংবাদিকদের পাশে চান নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আব্দুল্লাহ আল কায়সার হাসনাত। সোমবার  সকালে সোনারগাঁও প্রেস ক্লাবে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ৫ম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এমপি এ সহযোগিতা কামনা করেন।

শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠান শুরু হয় এবং সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা পালন করা হয়। দেশ রূপান্তরের সোনারগাঁও প্রতিনিধি রবিউল হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আব্দুল্লাহ আল কায়সার হাসনাত।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মাহফুজ, সুবর্ণগ্রাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবি শাহেদ কায়েস, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও সোনারগাঁও পৌরসভার মেয়র প্রার্থী ছগীর আহম্মেদ।

আব্দুল্লাহ আল কায়সার হাসনাত বলেন, দৈনিক দেশ রূপান্তর পত্রিকাটি মিডিয়া জগতে বেশ আলোচিত একটি নাম। এ পত্রিকার মালিক সোনারগাঁয়ের, এটা আমাদের জন্য গর্বের বিষয়। স্মার্ট সোনারগাঁও গড়ার লক্ষ্যে ইতোমধ্যে আমি কাজ শুরু করেছি। সব সাংবাদিকদের নিয়ে সুন্দর সোনারগাঁ বির্নিমাণ করতে চান বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ঐতিহাসিক সোনারগাঁয়ের মেনিখালি নদীর তীর ঘেঁষে একটি রাস্তা ও ওয়াকওয়ে নির্মাণের কাজ আমি ইতোমধ্যে হাত দিয়েছি। আশা করি অচিরেই এটি বাস্তবায়ন হবে। এই উপজেলার উন্নয়নে আমার সব কাজে সোনারগাঁওয়ের সাংবাদিকদের সহযোগিতা চাই।

এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, প্রেস ক্লাবের সাবেক আহ্বায়ক মাসুদ শায়ান, প্রেস ক্লাবের অর্থ সম্পাদক মিজানুর রহমান, সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনূর ইসলাম রুমা, উদিচী শিল্পগোষ্ঠী সোনারগাঁ শাখার সভাপতি শংকর প্রকাশ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক নেকবর হোসেন নাহিদ, সোনারগাঁ প্রেস ইউনিটির সভাপতি ফরিদ হোসেন, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১