বাংলাদেশের খবর

আপডেট : ০২ March ২০২৪

কুষ্টিয়ায় তামাক চাষ বৃদ্ধি বাড়ছে


কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ায় বিষবৃক্ষ তামাক চাষ বৃদ্ধি পেয়েছে। তামাক কোম্পানী গুলোর  লোভনীয় আশ্বাসের ফলে প্রতি বছরই বাড়ছে তামাক চাষের ব্যাপকতা। জেলার তিনটি উপজেলা জুড়ে তামাক চাষ হওয়ায় রবি মৌসুমে আবাদের লক্ষমাত্রা পুরন না হবার আশংকা দেখা দিয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাষীদের খাদ্য শস্য আবাদে উদ্বুদ্ধ করলেও তামাক কোম্পানীদের লোভনীয় বিভিন্ন সুযোগ সুবিধার জন্য কুষ্টিয়া তিনটি উপজেলায়  তামাক চাষ ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। ফলে খাদ্য শস্য ঘাটতির আশংকা করছে কৃষিবিদরা।

এক সময় কুষ্টিয়ার  বিশাল এলাকা জুড়ে ধান, গম, আখ, মসুর, ছোলাসহ বিভিন্ন ধরনের ফসলের আবাদ হতো। খাদ্য শস্য উৎপাদন করে জেলার খাদ্যের অভাব পুরণ করে আসছিল। বর্তমানে ওই সব জমিতে আবাদ হচ্ছে বিষ বৃক্ষ তামাক । কুষ্টিয়া জেলা তিনটি উপজেলায়  চলতি মৌসুমে তামাকের আবাদ হচ্ছে প্রায় ১২ হাজার হেক্টরে।  ফলে জেলায় খাদ্য শস্য উৎপাদন দিনের পর দিন কমে যাচ্ছে । খাদ্য শস্য ঘাটতির কারণে জেলার বাইরে থেকে ধান ও গম সংগ্রহ করে এ জেলার মিল চাতালের চাহিদা পূরন করতে হয়। বৃটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানী, ঢাকা টোব্যাকো এবং আবুল খায়ের টোব্যাকো কোম্পানী সহজ সরল চাষীদেরকে অর্থের লোভ দেখিয়ে বিষ বৃক্ষ তামাক চাষের প্রতি আগ্রহ বাড়িয়ে তুলেছে। যে কারনে অধিক লাভের আশায় চাষীরা খাদ্য শস্যের আবাদ ছেড়ে দিয়ে ব্যাপক হারে তামাক চাষ বৃদ্ধি করেছে।

কৃষি অফিস সুত্রে জানা গেছে,  কুষ্টিয়া জেলায় আবাদযোগ্য জমি রয়েছে ১লাখ ১৬হাজার হেক্টর । সেখানে এবার বোরো আবাদ হচ্ছে মাত্র ৩৬ হাজার ৮৩০ হেক্টর জমিতে। অপর দিকে তামাক কোম্পানী গুলোর মধ্যে বৃটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানী, ঢাকা টোব্যাকো কোম্পানী ও আবুল খায়ের টোব্যাকো কোম্পানী প্রায় ১২ হাজার হেক্টর জমিতে তামাক চাষ করেছে। পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরে কুষ্টিয়ার দৌলতপুরে ৩ হাজার ৬৯৬ হেক্টর, ভেড়ামারায় ৭৮০ হেক্টর এবং মিরপুরে ৬ হাজার ৪৫৫ হেক্টর জমিতে তামাক চাষ হচ্ছে। 

কুষ্টিয়া, মিরপুর ও দৌলতপুর উপজেলায় তামাক চাষ হচ্ছে যা অকল্পনীয়। মিরপুরের বারুই পাড়ার গ্রামের তামাক চাষী নজরুল বলছেন, টোব্যাকো কোম্পানী গুলো তাদেরকে নগদ অর্থসহ সার, বীজ, কীটনাশক সরবরাহসহ অধিক মুল্যে তামাক ক্রয়ের নিশ্চতা প্রদান করায় তারা তামাক চাষে ঝুকে পড়েছে। দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের তামাক চাষী আকসেদ আলী বলেন, তিনি ৩ বিঘা জমিতে তামাক চাষ করেছে। তামাক পুড়ানোর পড়ে ঢাকা টোব্যাকো, আবুল খায়ের ও বৃটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানীর কাছে বেশী দামে তামাক বিক্রি করতে পারবে।

আমরার লাভবান হবো। তাই তামাক চাষ করছি। চাষীদের অভিযোগ তারা অনুন্নতভাবে ধান ও খাদ্য শস্যের আবাদ করায় তারা এসব ফসলের লাভ কম পেত। তামাক চাষে এর ব্যতিক্রম হওয়ায় চাষীদের তামাক চাষে আগ্রহ বেড়েছে। ভেড়ামারার ধরমপুর ইউনিয়নের মসলেম মন্ডল তামাক চাষী বলেন, তামাক চাষে খরচ বেশী হলেও তামাক আবাদে চাষীদেরকে আগ্রহ বাড়িয়ে তুলতে তামাক কোম্পানীগুলো তামাক জালানো ঘর, পাইপ ও নগদ অর্থ অগ্রিম দিচ্ছে। যে কারনেই চাষীরা তামাক আবাদে ঝুকছে । এদিকে তামাকের কারণে গ্রামাঞ্চলের শিশুদের কোল্ড ডায়রিয়া, নিমোনিয়াসহ হাঁপানী ও কাশির মত রোগের ব্যাপকতা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন   পল্লী চিকিৎসক ডাঃ বিমল কুমার প্রামানিক। 

দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা নূরুল ইসলাম বলেন, চাষীদেরকে তামাক আবাদে নিরূৎসহ করতে ব্যাপক চেষ্টা করা হচ্ছে। চাষীদেরকে তামাক ছেড়ে রবি মৌসুমে বোর আবাদ ধান, গম, সরিষা, ভুট্টা আবাদের কথা বলা হলেও চাষীরা অধিক লাভের কারনেই তামাক আবাদে আগ্রহী হয়ে উঠেছে। তার পরেও আমরা মাঠ পর্যায়  চাষীদেরকে তামাক আবাতে নিরুৎসাহী করতে কাজ চালিয়ে যাচ্ছি। 

ভেড়ামারা উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা বলেন, তামাক কোম্পানীর লোভনীয় আশ্বাস এবং অধিক লাভবান হবে বলেই চাষীরা তামাক চাষে আগ্রহ বাড়িয়েছে। মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, তামাক কোম্পানী গুলো চাষীদেরকে তামাক আবাদের জন্য অগ্রিম সার, বীজ, কীটনাশকসহ জালানী খরচ  প্রদান করছে। সেই সাথে অধিক দামে তামাক খরিদ করছে। এতে করে চাষীরা বেশী লাভবান হচ্ছে বলেই তারা তামাক চাষ ছড়ছে না। 

তামাক আবাদের প্রভাব পড়ে খাদ্য শস্যের উপর। তাই কৃষি বিভাগ খাদ্য শস্য ধান, গম, ভুট্টা ও অন্যান্য ফসল আবাদের জন্য চাষীদের মাঠ পর্যায়ে প্রশিক্ষণ দিচ্ছেন। চলছে উদ্বুদ্ধকরণ সভা। তাই চলতি রবি মৌসুমে বোরো আবাদের লক্ষমাত্রা নিয়ে কৃষি বিভাগ তৎপর রয়েছে। 

কুষ্টিয়া জেলার খাদ্য ঘাটতি মিটাতে তামাক চাষ বন্ধ করা না হলে আগামীতে এ জেলায় চরম খাদ্য সংকট দেখা দিবে। সেই সাথে জেলা জুড়ে মংগার সৃষ্টি হবে। তাই জরুরী ভিত্তিতে কুষ্টিয়া জেলায় তামাক চাষ বন্ধের জন্য সুশীল সমাজ দাবী করেছে। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১