বাংলাদেশের খবর

আপডেট : ২৯ February ২০২৪

সোনারগাঁয়ে ৫৫ কোটি টাকার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ৫৫ কোটি টাকার মূল্যে এক হাজার ৬১ বস্তা কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস করে দিয়েছে প্রশাসন।  বুধবার সন্ধ্যায় উপজেলার আনন্দবাজারে অভিযান চালিয়ে ১৬টি দোকান ও ৪ টি গুদাম থেকে জালগুলো জব্দ করে ভ্রাম্যমান আদালত।  এ সময় অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে অবৈধ কারেন্ট জাল বিক্রয়ের সঙ্গে জড়িতরা পালিয়ে যায়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ইব্রাহিম।  এ সময় নৌপুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নুরুল আমিন সহ মৎ্স্য কর্মকর্তা ও বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য সম্প্রসারন কর্মকর্তা কমর-উন নাহার জানান, গোপন সংবাদে উপজেলার আনন্দবাজারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়।  এ সময় ১৬টি দোকান ও ৪টি গুদাম থেকে ৫৬১ বস্তা ১ কোটি ৮৩ লাখ মিটার ও ৫০০ বস্তা চায়না দুয়ারী জাল জব্দ করা হয়।কারেন্ট জালের আনুমানিক মূল্য প্রায় ৫৪ কোটি ৯০ লাখ ও চায়না দুয়ারী জালের আনুমানিক মূল্য ৭৫ লাখ টাকা।  পরে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। ইলিশ মাছসহ সবধরনের মাছের পোনা রক্ষার্থে সরকার এ ধরনের প্রদক্ষেপ গ্রহণ করেছে।

কারেন্ট জাল মা ইলিশ ও পোনা ধ্বংস করে দেয়। তাই মা ইলিশ ও পোনা রক্ষার্থে সোনারগাঁ উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে কারেন্ট জালের অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১