বাংলাদেশের খবর

আপডেট : ২৮ February ২০২৪

মেঘনায় নিষিদ্ধ জালে জাটকা ধরায় ১৫ জেলের কারাদন্ড


চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুর মেঘনা নদীর বিভিন্ন এলাকায় বিশেষ কম্বিং অপারেশনে নিষিদ্ধ জালে জাটকা ধরার দায়ে আটক ১৫ জেলেকে ভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দিনগত রাতে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজাহান।  বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।

সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, বুধবার বিকাল ৩টা হতে রাত ১০টা পর্যন্ত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ৩টি হাইস্পীডবোট নিয়ে মোহনা এলাকার মিনি কক্সবাজার, রাজরাজেশ্বর, মোহনপুর এলাকায় পদ্মা ও মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়।  এ সময় কাচিকাটা নামক স্থান থেকে জাটকা ধরা অবস্থায় ১৫ জেলেকে আটক করা হয়।  একই সময় ১ লাখ মিটার কারেন্টজাল, ৫টি বেহুন্দি জাল, ৫ কেজি জাটকা জব্দ এবং একটি মাছ ধরার নৌকা আটক করা হয়।

অভিযান শেষে রাতেই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জেলেদের কারাদন্ড এবং জব্দকৃত জাল কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।  জব্দকৃত জাটকা দুস্থদের মাঝে বিতরণ এবং নৌকা কোস্টগার্ড হেফাজতে রয়েছে।

অভিযানে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সহকারী মৎস্য কর্মকর্তা মো. জামিল হোসেন. মো. আশরাফুল ইসলাম, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চীফ পেটি অফিসার মো. শফিকুল ইসলাম, নৌ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মাইনুলসহ কোস্টগার্ড ও নৌ পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১