বাংলাদেশের খবর

আপডেট : ২২ January ২০২৪

ইসরায়েলে হামলার সময় কিছু ত্রুটি ছিল: হামাস


নিজস্ব প্রতিনিধি:
গত বছরের ৭ অক্টোবরে ইসরায়েলে হামলার সময় কিছু ত্রুটি ছিল বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। গতকাল আল জাজিরা এক প্রতিবদনে এই তথ্য জানিয়েছে। হামাস বলেছে, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে পরিচালিত হামলায় কিছু ‘ত্রুটি’ ছিল। তবে হামাস যোদ্ধারা কেবল ইসরায়েলি সৈন্য এবং অস্ত্র বহনকারী লোকদের লক্ষ্যবস্তু করেছে বলেও দাবি করেছে গোষ্ঠীটি।

প্রতিবেদনে বলা হয়েছে, হামাস ইসরায়েলি সামরিক স্থানগুলোকে লক্ষ্যবস্তু করার এবং সৈন্যদের বন্দি করার পরিকল্পনা করেছিল। আর এটিকে ইসরায়েলি কারাগারে বন্দি হাজার হাজার ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার জন্য ইসরায়েলি কর্তৃপক্ষকে চাপ দেওয়ার জন্য ব্যবহার করা যেতে পারে। হামলা বা সংঘাতের সময় বেসামরিক লোকদের ক্ষতি না করার বিষয়ে হামাসের সশস্ত্র শাখা তথা কাসাম ব্রিগেডের যোদ্ধাদের ধর্মীয় এবং নৈতিক প্রতিশ্রুতি রয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলি নিরাপত্তা ও সামরিক ব্যবস্থার দ্রুত পতনের কারণে এবং গাজার নিকটবর্তী অঞ্চলে বিশৃঙ্খলার কারণে আক্রমণের সময় ‘সম্ভবত কিছু ত্রুটি ঘটেছে’। অনেক ইসরায়েলি তাদের বিভ্রান্তির কারণে ইসরায়েলি সেনাবাহিনী এবং পুলিশের হাতে নিহত হয়েছে।

উল্লেখ্য, ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা সাড়ে তিন মাস ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ২৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি। ইসরায়েলে এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১