বাংলাদেশের খবর

আপডেট : ২৯ October ২০২৩

হবিগঞ্জে ঢিলেঢালা হরতাল


হবিগঞ্জ প্রতিনিধি:

বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে সারাদেশে। কিন্তু হবিগঞ্জে খুবই ঢিলেঢালাভাবে হরতাল পালন হচ্ছে। আওয়ামী লীগসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে রয়েছেন। শহরের মোড়ে মোড়ে রয়েছে পুলিশি প্রহরা। এছাড়াও হবিগঞ্জ থেকে দূরপাল্লার কোন যানবাহন ছেড়ে যায়নি। রোববার (২৯ অক্টোবর) সকাল থেকে বেলা আড়াইটা পর্যন্ত ঘুরে এসব দেখা যায়।

তবে বেলা সাড়ে ১১টার দিকে হবিগঞ্জ শহরের মুসলিম কোয়ার্টার এলাকায় বিএনপির একটি ছোট মিছিলে হামলা চালায় যুবলীগ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতাকর্মী শহরের স্টাফ কোয়ার্টার এলাকা থেকে একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি মুসলিম কোয়ার্টার এলাকায় পৌঁছলে জেলা যুবলীগের সাথে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ হয়।

এ ব্যাপারে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান মাহী বলেন, আমরা জনগণের জানমালের স্বার্থে রাজপথে আছি। মুসলিম কোয়ার্টারে বিএনপির সাথে কোন মারামারি হয়নি। তারা আমাদের দেখেই পালিয়ে গেছে। 

তবে বিষয়টি নিয়ে কথা বলার জন্য বিএনপির কোন নেতাকর্মীর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সদর সার্কেলের এএসপি খলিলুর রহমান বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও আইন-শৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে।

এদিকে দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ।

নিরাপত্তার কারণে দূরপাল্লার কোন বাস হবিগঞ্জ থেকে ছেড়ে যায়নি। এছাড়া জেলার ভেতরেও কোন বাস চলাচল করেনি বলে জানিয়েছেন হবিগঞ্জ মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১