আপডেট : ২৭ October ২০২৩
আগামীকাল শনিবার (২৮ অক্টোবর) ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। তবে মহাসমাবেশের একদিন আগেই আজ নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শতাধিক নেতা-কর্মীর উপস্থিতি দেখা গেছে। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার এক দফা দাবিতে এই সমাবেশ। এদিকে পুলিশি গ্রেপ্তার, হয়রানি ও তল্লাশি এড়াতে ভিন্ন কৌশল অবলম্বন করতে বিভিন্ন দিকনির্দেশনা অনুসরণ করছেন বিএনপি নেতাকর্মীরা। ঢাকায় মহাসমাবেশের উদ্দেশ্যে যাওয়া নেতাকর্মীদের দলবদ্ধ ভাবে না যাওয়া, হোটেল-মেসে না থাকা, স্মার্ট ফোন না ব্যবহার করাসহ নানা নির্দেশনা দেওয়া হয়েছে। মহাসমাবেশ ঘিরে গত দুইদিনে রংপুরে বিএনপি-জামায়াতের ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ পরিস্থিতিতে নেতাকর্মীরা আশঙ্কা করছেন, যাত্রাপথে তাদের বাধা ও হয়রানি করা হতে পারে। হামলাও হতে পারে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শনিবার রাজধানীতে সমাবেশ ডেকেছে বিরোধী দল বিএনপি ও জামায়াতে ইসলামী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ। সবারই লক্ষ্য বিপুল নেতা-কর্মীর সমাগম।
শুক্রবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা। ওই সময় বিএনপির অনেক নেতা-কর্মীকে দলীয় কার্যালয়ের বাইরে দেখা যায়। কেউ কেউ এ সময় হাত নেড়ে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছিলেন। নেতা-কর্মীদের ভিড়ের মাঝে জাতীয় পতাকার পাশাপাশি দেখা মেলে বিএনপির দলীয় পতাকার।
এ সময় বিএনপি কার্যালয় এলাকায় সুরক্ষা পোশাক পরে পুলিশের বেশ কিছু সদস্যকেও দায়িত্ব পালন করতে দেখা গেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১