আপডেট : ০৯ October ২০২৩
মঙ্গলবার সকালে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। সাকিব আল হাসানের দলের বিপক্ষে মাঠে নামার আগে তাই বেশ সম্মান রেখেই কথা বললেন জস বাটলার। ‘বাংলাদেশের সাথে দারুণ ম্যাচ ছিল। চমৎকার দল। যাদের বিপক্ষে খেলি, তাদের সবাইকে সম্মান করি। বিশ্বকাপে ম্যাচগুলোতে প্রতিপক্ষদের সঙ্গে কঠিন খেলা হবে বলেই প্রত্যাশা করছি।’ ধর্মশালায় নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বড় জয়ে চণ্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা মানসিকভাবে অনেকটা এগিয়ে আছে। অন্যদিকে, নিউজিল্যান্ডের বিপক্ষে বড় পরাজয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন দলটি। ইংল্যান্ডের দৃষ্টিতে এটি আদর্শ পরিস্থিতি কিনা, বাটলারের কাছে যায় এমন প্রশ্নও। শান্ত মেজাজেই দিয়েছেন জবাব। ‘দুই দলই একটা করে ম্যাচ খেলেছে। আগের ম্যাচে ভালো না খেললেও দল হিসেবে আমরা আত্মবিশ্বাসী আছি। গতকাল এবং আজ আমাদের ভালো প্রস্তুতি হয়েছে। ভালো পারফরম্যান্সের প্রত্যাশায় আছি।’ ‘অবশ্যই আমরা সামনের দিকে তাকিয়ে আছি। আগের ম্যাচে তেমন ভালো খেলতে পারিনি। ঘুরে দাঁড়াতে দলীয় ও ব্যক্তিগতভাবে সবাই মরিয়া।’
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সোমবার ইংলিশ অধিনায়কের দিকে প্রশ্ন যায়, বিশ্বকাপে বিশেষভাবে বাংলাদেশকে হুমকি মনে করছেন কিনা। বাটলার প্রতিপক্ষকে হুমকি না ভাবলেও করেন সম্মান প্রদর্শন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১