আপডেট : ১২ June ২০২৩
এস.এম.নুরুজ্জামান,মানিকগঞ্জ প্রতিনিধি:
বিচার করতে গিয়ে মারধরের শিকার হয়ে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি হয় যুবলীগ নেতা। আর যুবলীগ নেতার রক্তাক্ত ছবি সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় উঠে।
যুবলীগ নেতা মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ঘিওর গ্রামের আহমদ আলীর পুত্র জনি।
ঘটনার বিবরণে জানা যায়, গতকাল রবিবার রাতে জনি আহমেদ সহ কয়েকজন ঘিওর গ্রামের মো: লিটন মিয়ার বাড়িতে যায় এবং তার নাবালক ছেলে আকাশকে শাসায়।
এর আগে পাশের বাড়ির একটি নাবালিকা মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায় আকাশ। প্রেমের সম্পর্কের জেরে দুইজন অপরিণত ছেলে মেয়ে বিয়ের সিদ্ধান্তে বাড়ি থেকে পলায়ন করে। মেয়ে পক্ষের অভিভাবক ছেলে মেয়েকে খুজে বের করে বুঝিয়ে সুজিয়ে বাড়ি নিয়ে আসে গত শনিবার। এরই জের ধরে ছেলেকে শাসন এবং ছেলের অভিভাবককে শায়েস্তা করার উদ্দেশ্যে জনি সহ কতিপয় যুবলীগ নেতা লিটনের বাড়ি যায়। তাকে ও তার পরিবারের উপর বিভিন্ন চাপ ও হুমকি প্রদর্শন করে। এক পর্যায়ে কথা কাটাকাটির মধ্যে ধাক্কাধাক্কি হয়। জনির মাথায় কিছু দ্বারা আঘাত লেগে মাথা ফেটে রক্ত বের হতে থাকে। ততক্ষনাত তাকে হাসপাতালে নিয়ে গিয়ে মাথায় শেলাই করে চিকিৎসা দেয়া হয়।
আজ সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনির মাথা ফেটে রক্তাক্ত ছবি দিয়ে একটি পোষ্ট যার শিরোনামে লেখা ছিল যুবলীগ নেতার উপর দূর্বৃত্তের হামলা। এ পোষ্ট ঘিরে শুরু হয় নিন্দার ঝড়। দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হচ্ছে।
এ ব্যাপারে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আ: খালেক জানান, জনি যুবলীগের কোন কমিটির সদস্য বা পদে নাই। তাছাড়া কখনও যুবলীগের পদে বা সদস্য ছিল না। পারিবারিক একটি শালিস মীমাংশার ঘটনায় সে আঘাত পেয়েছে বলে আমি শুনেছি। এ ঘটনায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের কোন দায় বা সুনাম ক্ষুন্নের বিষয় নাই।
এব্যাপারে যুবলীগ নেতা জনির মুঠোফোনে যোগাযোগ করা হলে পাওয়া যায়নি।
এবিষয়ে সাটুরিয়া থানার ওসি তদন্ত ইমাম আল মেহেদী বলেন, যুবলীগ নেতার উপর কোন হামলার ঘটনা ঘটেনি। উল্টো তিনি ওই বাড়িতে গিয়েছিলেন বিচার করতে। পাশে হঠাৎ কোথাও থেকে তার মাথার উপর ইটের টুকরো এসে পড়লে আঘাত প্রাপ্ত হন। ঘটনায় কোন মামলা বা অভিযোগ দায়ের হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান জনি যুবলীগ নেতার পরিচয়ে বিভিন্ন বিচার শালিশে উপস্থিত হয়ে ক্ষমতার অপব্যবহার করেন। এ ঘটনায় এমন কিছু ঘটে থাকতে পারে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১