বাংলাদেশের খবর

আপডেট : ২৫ July ২০২২

জ্বালানি সংকট বাড়বে কি না বলা যাচ্ছে না: কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ফাইল ছবি


জ্বালানি সংকট বাড়বে কি না তা এখনই বলা যাচ্ছে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, জ্বালানি সংকট আরও বাড়বে কি না তা এখনই বলা যাচ্ছে না। পরিস্থিতি মোকাবিলায় সরকার উদ্যোগ নিয়েছে। আশা করি মোকাবিলা করা যাবে।

তিনি আরও বলেন, বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ হবে কি না এ বিষয়ে কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। আন্দোলন করতে গেলে চা খাওয়ানো যেতেই পারে। এটা এমন কিছু নয়। আওয়ামী লীগ মনেপ্রাণে চায় বিএনপি নির্বাচনে আসুক।

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সরকার কতটা উদ্বিগ্ন জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, এখন সংকট সারাবিশ্বে চলছে। জ্বালানি, গ্যাসে সংকট এ ব্যাপারটা সবাই জানে। এখানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব রয়েছে। এটা আসলেই বৈশ্বিক সংকট। আমরা কোনো বিচ্ছিন্ন দীপ নই। কাজেই এর প্রভাব আমাদের মধ্যে আসবে না এটা মনে করার কারণ নেই।

সংকট যদি খারাপের দিকে যায় তা মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এ পর্যন্ত দেশ পরিচালনায় সংকটে ট্রাবল স্যুটার হিসেবে কাজ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে কারণে আমরা বিষয়গুলো এখনো সামাল দিতে পারছি। খাদ্যে আমাদের সমস্যা নেই। তবে জ্বালানি নিয়ে আমরা কিছু পদক্ষেপ নিয়েছি। তাতে আমার মনে হয় পরিস্থিতি সামাল দিতে পারবো। প্রধানমন্ত্রী আজকেও বলেছেন, আমাদের এগুলো মেইনটেইন করতে হবে। সবাইকে তিনি এ কথা বলে দিয়েছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১