আপডেট : ০৬ July ২০২২
ময়মনসিংহে ৩৩ লাখ ৮০ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নান্দাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভূইয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এ অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলাটিতে সিরাজুল ইসলাম ভূইয়ার বিচার শুরু হয়েছে। মঙ্গলবার ময়মনসিংহের স্পেশাল জজ আদালতের (জেলা দায়রা ও জজ আদালত) বিচারক শাহাদাত হোসেন এ অভিযোগ গঠন করেন। এ সময়ে আদালতে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম ভূইয়া। তিনি নিজেকে নির্দোষ দাবি করে তার পক্ষের সিনিয়র আইনজীবীর অ্যাডভোকেট ফজলুল হকের মাধ্যমে মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানান। আদালত আসামি পক্ষের আবেদন নামঞ্জুর করে আসামির বিরুদ্ধে মামলার অভিযোগ গঠন করে আগামী ১৭ আগষ্ট স্বাক্ষ্য গ্রহণের দিন ধার্য্য করেন। দুদক আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সঞ্জীব সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি ৩৩ লাখ ৮০ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মো. সিরাজুল ইসলাম ভুইয়ার বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। পরে দুদক আইন ২০০৪ এর ২৭ (১) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪ (২) এবং ৪ (৩) ধারায় মামলা দায়ের করা হয়। মামলায় ওই বছরের ২০ আগস্ট আদালত থেকে তিনি জামিন পান এবং বর্তমানেও তিনি জামিনে আছেন। সর্বশেষ চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি সিরাজুল ইসলাম ভূইয়াকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন দুদক। মামলার এজাহার সূত্রে জানা যায়, সিরাজুল ইসলাম ভুইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালীন সময়ে অনিয়ম দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ সম্পদ আত্মসাৎ করে জ্ঞাত আয় বহির্ভূত এ সম্পদ অর্জন করেছেন। ফলে ওই সম্পদ অর্জনে বৈধ কোনো আয়ের উৎস এবং প্রমাণ দেখাতে তিনি ব্যর্থ হন। তবে এ অভিযোগ অস্বীকার করেন সিরাজুল ইসলাম ভুইয়া। তিনি বলেন, আমার বিরুদ্ধে স্থানীয় একটি মহল ষড়যন্ত্র করে এ মামলাটি করিয়েছে। মামলার তদন্তে সরকারি অর্থ আত্মসাৎ করার কোনো প্রমাণ নেই। তিনি আরও বলেন, একটি জমি কেনার সময় আমার কিছু টাকা ঋণ ছিল। ওই সংক্রান্ত স্ট্যাম্প আছে। কিন্তু তদন্তে ওই স্ট্যাম্প প্রমাণ হিসেবে গ্রহন করা হয়নি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১