আপডেট : ০৬ July ২০২২
পদ্মা সেতু ও সেতুর এক্সপ্রেস হাইওয়েসহ আন্তঃজেলা বাইক চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে শরীয়তপুর বাইকারস নামের একটি সংগঠন। বুধবার পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে এ মানববন্ধন হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে শরীয়তপুরের বিভিন্ন উপজেলা থেকে আসা শতাধিক বাইকার অংশগ্রহণ করেন। এ সময় তাদের হাতে বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত ব্যানার ছিল। মানববন্ধন থেকে ঈদের আগে পদ্মা সেতুসহ সব মহাসড়কে বাইক চলাচলের অনুমতির দাবি জানানো হয়। ঈদের আগে তিন দিন, ঈদের দিন এবং ঈদের পরে তিন দিন মোট সাত দিন এক জেলা থেকে আরেক জেলায় মোটরসাইকেলে চলাচল নিষিদ্ধ করা হয়েছে। সেই সঙ্গে মহাসড়কে রাইড শেয়ারিং করা যাবে না বলে গতকাল রোববার জানিয়েছেন সড়ক পরিবহন সচিব এ বি এম আমিনুল্লাহ নুরি। তিনি বলেন, এই নির্দেশনা ৭ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত কার্যকর থাকবে। এই সিদ্ধান্তের প্রতিবাদে কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করছেন বাইকাররা। শরীয়তপুর বাইকারসের মডারেটর জয় হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, আমার টাকায় আমার সেতু। তাহলে আমি কেন বঞ্চিত হব? প্রয়োজনে আইনের কঠোর প্রয়োগ করা হোক। বৈধ লাইসেন্স ও কাগজপত্রধারী সব মোটরসাইকেল দেশের সর্বত্র চলাচলের অনুমতির দাবি জানাই।’ তিনি আরও বলেন, ঈদে ঘরমুখো মানুষকে জিম্মি করে অরাজকতা করেন পরিবহন মালিকরা। এ সময় বাইক বন্ধ রাখা হলে যাত্রীদের ভোগান্তি কয়েক গুণ বাড়বে। এর আগে, গতকাল মঙ্গলবার পদ্মা সেতুসহ সব সড়ক-মহাসড়কে বৈধ যানবাহন চলাচলের অনুমতি চেয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন বাইকাররা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১