আপডেট : ০৫ July ২০২২
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় রাতের আঁধারে মমিনুর রহমান নামে এক কৃষকের ৩৫২টি মাল্টা গাছ কেটে নষ্ট করে ফেলেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাতে উপজেলার কাকিনা ইউনিয়নের গোপালরায় গ্রামে এ ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক। জানা গেছে, গত কয়েক বছর আগে বাগান লিজকৃত প্রায় ৬ বিঘা জমিতে মাল্টা, কমলা ও পেঁপে গাছ লাগান কৃষক মমিনুর রহমান। সোমবার রাতে ৩৫২টি মাল্টা গাছগুলো কেটে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। ঋণের টাকায় লাগানো বাগান এভাবে ধ্বংস হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষক মমিনুর রহমান। ওই কৃষক বলেন, ‘আমার সঙ্গে কারও শত্রুতা নেই। কে এই সর্বনাশ করল সেটা বুঝতে পারছি না। এই বাগান করতে গিয়ে ঋণগ্রস্ত আমি। কীভাবে আমি ক্ষতি পুষিয়ে উঠব জানা নেই। ন্যায়বিচার চেয়ে আইনের দ্বারস্থ হবেন বলেও তিনি জানান। মমিনুর রহমানের বৃদ্ধ বাবা নুরুল হক জানান, এই বাগানের মাল্টা গাছের চারা রোপণ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত প্রায় ৮ লাখ টাকার বেশি ব্যয় হয়েছে। আর কয়েক দিনের মধ্যে গাছগুলোতে ফল ধরতো। এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি গোলাম রসূল জানান, মাল্টা গাছ কেটে ফেলার একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১