বাংলাদেশের খবর

আপডেট : ১৭ May ২০২২

পদ্মা সেতুর টোল নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি


পদ্মা সেতু পারাপারের জন্য টোল হার নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বিভিন্ন পরিবহনের জন্য আলাদা আলাদা টোল হার নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে। 

এতে পদ্মা সেতু পাড়ি দিতে বড় বাসে ২ হাজার ৪০০ টাকা, মাঝারি বাস ২০০০ টাকা, ছোট বাস ১৪০০ টাকা, মাঝারি ট্রাকে ২ হাজার ৮০০ টাকা, মাইক্রোবাস ১৩০০ টাকা, পিকআপ ১২০০ টাকা, কার/জিপ ৭৫০ টাকা ও মোটরসাইকেল আরোহীকে ১০০ টাকা গুনতে হবে ।

গত ২৮ এপ্রিল পদ্মা সেতুর জন্য টোল হার প্রস্তাব করে অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠায় সেতু মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর দপ্তরের অনুমোদনের পর আজ তা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হয়। প্রজ্ঞাপন অনুসারে, সেতু বিভাগ থেকে যে টোল হার প্রস্তাব করা হয়েছিল, প্রধানমন্ত্রীর দপ্তর তা হুবহু অনুমোদন দিয়েছে।

সরকারের নির্ধারণ করা টোলের হার অনুসারে, বর্তমানে ফেরিতে পদ্মা নদী পার হতে যে টাকা লাগে, সেতু পার হতে এর চেয়ে গড়ে দেড় গুণ বেশি টাকা খরচ করতে হবে। আর দ্বিতীয় দীর্ঘতম বঙ্গবন্ধু সেতুর টোলের সঙ্গে তুলনা করলে তা হবে প্রায় দ্বিগুণ।

সরকার আগামী মাসের শেষের দিকে পদ্মা সেতুতে যানবাহন চলাচল খুলে দেয়ার ঘোষণা দিয়েছে।

পদ্মা সেতু চালু হলে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৯টি জেলা সরাসরি সারা দেশের সঙ্গে যুক্ত হবে। আগেই ঢাকা-ভাঙ্গা পথে এক্সপ্রেসওয়ে নির্মাণের ফলে এই পথে যাতায়াতের সময় কমে এক ঘণ্টায় নেমে আসবে বলে সওজের কর্মকর্তারা জানিয়েছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১