বাংলাদেশের খবর

আপডেট : ৩১ March ২০২২

অপহরণের ৭ দিনেও উদ্ধার হয়নি শেরপুরের স্কুলছাত্রী


শেরপুরে অপহরণের ৭ দিন পরও উদ্ধার হয়নি অপহৃত স্কুলছাত্রী (১৩)। গত ২৫ মার্চ রাতে শহরের দমদমা কালিগঞ্জ এলাকা থেকে অপহরণ হয় পার্শ্ববর্তী দিঘারপাড় মহল্লার এক ব্যবসায়ীর মেয়ে ও মমতাজ বেগম মেমোরিয়াল একাডেমির অষ্টম শ্রেনিতে পড়ুয়া ওই ছাত্রী।

এই ঘটনায় সদর থানায় দিঘারপাড় মহল্লার মৃত জহুর আলী খলিফার ছেলে মমিন মিয়াকে (২৬) প্রধান আসামি করে ৫ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের হয়। তবে আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) পর্যন্ত উদ্ধার হয়নি অপহৃত স্কুলছাত্রী এবং গ্রেপ্তার হয়নি ওই মামলার কোন আসামি।

জানা গেছে, গত ২৫ মার্চ রাত সাড়ে ৯ টার দিকে শেরপুর শহরের দমদমা কালিগঞ্জ মহল্লায় জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধারের বাড়িতে এক সামাজিক অনুষ্ঠান শেষে মাকে নিয়ে বাড়ি ফিরতে রাস্তায় অটোরিক্সার জন্য অপেক্ষা করছিল ওই স্কুলছাত্রী।

এই অবস্থায় একই এলাকার মমিন মিয়া তার কতিপয় সহযোগী নিয়ে তাকে অপহরণ করে। পরে খোঁজাখুঁজি করে না পেয়ে স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে মমিন মিয়াসহ স্থানীয় শামীম মিয়া (২৫), জুবাইদুল (৩২), রায়হান (২৫) ও পার্শ্ববর্তী প্রতাবিয়া শাকিল মিয়াসহ (২০) ৫ জনকে স্বনামে এবং অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। ২৭ মার্চ তা নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়। এই ঘটনার পর থেকেই পলাতক রয়েছে আসামিরা।

এ ব্যাপারে শেরপুর সদর থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা মিঞা মো. জোবায়ের খালিদ জানান, ঘটনার পর থেকেই আসামিরা মোবাইল ফোন বন্ধ করে পলাতক রয়েছে। মামলার ভিকটিমকে উদ্ধারসহ আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১