আপডেট : ৩১ March ২০২২
মুন্সিগঞ্জ সদর উপজেলার আলু উত্তোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) ভোরে ফকিরকান্দি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। নিহত মো. জুয়েল ফকির (৪৫) ওই গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, জমি থেকে আলু উত্তোলনকে কেন্দ্র করে চরকেওয়ার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হারুন ফকির ও সাধারণ সম্পাদক মন্টু দেওয়ান গ্রুপের কোন্দল চলছিল। কোন্দলকে কেন্দ্র করে বুধবার (৩০ মার্চ) দিনগত রাত থেকে স্থানীয় চরমশুরা-ফকিরকান্দি গ্রামে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ও কয়েক দফা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার (৩১ মার্চ) ভোর ৫টার দিকে মন্টু দেওয়ানের পক্ষের লোকজন হামলা চালিয়ে হারুনের চাচাতো ভাই জুয়েল ফকিরের বাড়িতে। এ সময় মারধর ও গুলিতে তিনি মারা যান। নিহতের চাচাতো ভাই ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. হারুন ফকির জানান, কিছুদিন ধরেই ইউনিয়ন পরিষদের সদস্য মন্টু দেওয়ানের সঙ্গে তাদের দ্বন্দ্ব চলছিল। এর জেরে তারা প্রায়ই তাদের গ্রুপের লোকজনদের হুমকি দিয়ে আসছিল। বর্তমানে আলুর মৌসুমে এলাকা নিয়ন্ত্রণে নিতে তারাই এ হত্যাকাণ্ড চালায়। তিনি আরও জানান, ফজরের নামাজের জন্য জুয়েল বাড়ি থেকে বের হলে তাকে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষ। এরপর জমিতে মরদেহ ফেলে পালিয়ে যায় তারা। এ বিষয়ে জানতে মন্টু দেওয়ান পক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি। মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুমন দেব বলেন, নিহত ব্যক্তি কীভাবে মারা গেল তার সঠিক কারণ জানতে তদন্ত করা হচ্ছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১