আপডেট : ১০ March ২০২২
দীর্ঘ ১০ বছর পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আগামী ১২ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মী ও সমর্থকদের মাঝে এক প্রকার উৎসবের আমেজ বিরাজ করছে। সম্মেলন সফল করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা আওয়ামী লীগ। এদিকে সম্মেলনকে কেন্দ্র করে পৌর শহরসহ উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে শোভা পাচ্ছে তোরণ, পোস্টার, ব্যানার আর ফেস্টুন। এসবে বদলে যাচ্ছে শহরের চেহারাও। সম্মেলনের তারিখ নির্ধারণ হওয়ার পর থেকেই সম্ভাব্য প্রার্থীরা তৃণমূল নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করে সমর্থন আদায়ে ব্যস্ত সময় পার করছেন। কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যানার ফেস্টুন আপলোড করে প্রচারণা চালাচ্ছেন। উপজেলা পরিষদ মাঠে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এড. আনিসুল হক। এছাড়াও জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন। সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক এই দুটি পদে সম্ভাব্য ১১ জন প্রার্থীর নাম শোনা যাচ্ছে। এরমধ্যে ৮ জন সভাপতি ও সাধারণ সম্পদক পদে ৩ জন প্রার্থী রয়েছেন। ইতিমধ্যে বেশ কয়েকজন প্রার্থী আনুষ্ঠানিক ভাবে তাদের আগ্রহের কথা ব্যক্ত করেছেন। তবে শেষ পযর্ন্ত দুটি পদে কম বেশী প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। দলীয় একাধিক নেতাকর্মী ও সমর্থকদের সাথে কথা বলে জানা গেছে সভাপতি পদে প্রার্থী হচ্ছেন উপজেলা আওয়ামী লীগের বর্তমান আহবায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, যুগ্ম আহবায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আবুল কাশেম ভূইয়া, যুগ্ম আহবায়ক মো. সেলিম ভূঁইয়া, মো: মনির হোসেন বাবুল, আওয়ামী লীগের প্রবীণ নেতা মোহাম্মদ আলী, সাবেক আওয়ামী লীগের সভাপতি শেখ বোরখান উদ্দিন, শ্রমিকলীগ নেতা মো: হানিফ ভূইয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো: আব্দুল মমিন বাবুল। অপরদিকে সাধারণ সম্পাদক পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন আখাউড়া পৌরসভা মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক মো: তাকজিল খলিফা কাজল, আওয়ামী লীগ নেতা মো. আব্দুল হালিম হেলাল ও মো. হুমায়ুন কবির মোল্লা। সাধারণ সম্পাদক প্রার্থী উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজলের ভক্ত-শুভাকাঙ্খীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যপক প্রচারণা চালাচ্ছেন। তাঁর ছবি সম্বলিত চাররঙা পোস্টার, ব্যানার, ফেস্টুন শোভা পাচ্ছে পৌরশহরসহ উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে। দলের একাধিক নেতাকমীরা বলেন, দলকে গতিশীল করার লক্ষে তাকজিল খলিফা কাজলের বিকল্প নেই। তাই তৃণমুলের নেতাকর্মীরা তাকে এ পদে দেখতে চান। উপজেলা আওয়ামী লীগের সদস্য দ্বীপক ঘোষ বলেন, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল একজন দক্ষ রাজনীতিবিদ। ওনার মতো দক্ষ সাংগঠনিক নেতা দলের জন্য প্রয়োজন। ছোটবেলা থেকেই রাজনীতি করে ধাপে ধাপে তিনি এগিয়ে এসে তৃণমুল নেতাকর্মীদের আস্থার প্রতীক হয়ে আছেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে তৃণমুলের নেতাকর্মীরা তাকেই পছন্দ করছে। উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. আব্দুল মমিন বাবুল বলেন, ‘আমার দলের আহবায়ক এখন সাধারন সম্পাদক পদে প্রার্থিতা ঘোষণা করায় আমি সভাপতি প্রার্থী হয়েছি। আহবায়কের সঙ্গে আলোচনা করেই প্রার্থী হয়েছি। তবে কমিটি গঠন বিষয়ে মন্ত্রী যেভাবে চাইবেন সেভাবেই হবে।’ সভাপতি প্রার্থী বর্তমান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো. মনির হোসেন বাবুল বলেন, ‘সভাপতি পদে আমিসহ বেশ কয়েকজন প্রার্থী হয়েছে। আমি ছোট বেলা থেকেই আওয়ামী লীগের রাজনীতি সাড়ে জড়িত হয়ে কাজ করছি। এক পর্যায়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হই। আমি আশা করছি দলের বৃহৎ স্বার্থে আমাকে নেতাকর্মীরা সভাপতি পদে এবার মূল্যায়ন করবে। তবে শেষ পর্যন্ত মন্ত্রী মহোদয় যাকে ভালো মনে করবেন তিনিই নেতৃত্বে আসবেন। আমরা মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করবো। উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ বোরহান উদ্দিন আহমেদ বলেন, ‘আওয়ামী লীগ আমার প্রাণ, আমার আস্থা, আমার বিশ্বাস। উপজেলা চেয়ারম্যান হওয়াসহ এ জীবনে আমার সব সফলতা আওয়ামী লীগকে ঘিরে। আওয়ামী লীগ থেকে আমি বিচ্যুত হয়নি। হয়তো প্রয়োজন পড়েনি বলে আমাকে ডাকা হয়নি। কিন্তু সম্মেলনের কথা জেনে ও জাতীয় সংসদ নির্বাচনের কথা ভেবে আমি এখন দলের হয়ে কাজ করছি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১