বাংলাদেশের খবর

আপডেট : ১৬ February ২০২২

ভাসানচরের পথে আরো ৪০০ রোহিঙ্গা পরিবার 


আরো চার শতাধিক পরিবারের প্রায় দুই হাজার রোহিঙ্গা ভাসান চরে যাওয়ার জন্য চট্টগ্রামে গেছেন। বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক (এফডিএমএন)  হিসেবে এরা কক্সবাজারের ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিয়েছিলেন। গতকাল মঙ্গলবার এদেরকে ভাসানচরে নিয়ে যাওয়ার জন্য উখিয়া ডিগ্রি কলেজ মাঠের অস্থায়ী ট্রানজিট সেন্টারে রাখা হয়। সেখান থেকে আজ বুধবার সকাল ৯ টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে গাড়ি যোগে প্রথমে চট্টগ্রামের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। 

রোহিঙ্গাদের ভাসানচর স্থানান্তর প্রক্রিয়ার ১১তম দফায় ৪০০ পরিবারের দেড় হাজার থেকে দুই হাজার রোহিঙ্গাকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হবে একটি সূত্র নিশ্চিত করেছে।

উখিয়া উপজেলার কুতুপালং শরণার্থী শিবিরের কয়েকজন মাঝির সাথে কথা বলে জানা যায়, বাংলাদেশ সরকারের উদ্যোগে ভাসানচর স্থানান্তর প্রক্রিয়ায় স্বেচ্ছায় যেতে আগ্রহী বিভিন্ন ক্যাম্পের রোহিঙ্গাদের তালিকা প্রণয়ন করে নিয়ে যাওয়া হচ্ছে। অন্যান্য দফায়ও স্বেচ্ছায় যেতে আগ্রহী রোহিঙ্গাদের নিয়ে যাওয়া হয়েছে ভাসানচরে। সেখানকার থাকা খাওয়ার পরিবেশের কথা কক্সবাজারের উখিয়া ও টেকনাফের আশ্রিত রোহিঙ্গাদের জানালে তারাও যেতে আগ্রহ প্রকাশ করেছে।

উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ধলো হোসেন বলেন, " থাইংখালী ১৩ নং ক্যাম্প থেকে সকালে নিজ ইচ্ছাতে শত শত নারী পুরুষ ও  শিশু ভাসান চরে যাওয়ার জন্য রওয়ানা দিয়েছে। '

সাধারণ রোহিঙ্গারা আগ্রহ প্রকাশ করে বলেন,”আমরা নিজেদের ইচ্ছায় ভাসানচর যেতে রাজি হয়েছি। আমাদের আত্নীয় স্বজনরা ভাসানচরে নিরাপদে বসবাস করছে বলে জানানোর পর আগ্রহ প্রকাশ করি।”

নাম প্রকাশে অনিচ্ছুক দায়িত্বশীল  সংস্থার এক কর্মকর্তা জানান, সবকিছু ঠিকঠাক থাকলে সকাল থেকে বিকাল পর্যন্ত  ৪শ পরিবারের দেড় থেকে দুই হাজারের মতো রোহিঙ্গাকে ভাসানচরের উদ্দেশ্যে চট্টগ্রাম নিয়ে যাওয়া হবে। তার আগে উখিয়া ডিগ্রী কলেজ অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে ভাসানচর যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের রাখা হয়েছে। সেখান থেকে সকাল থেকে গাড়ি যোগে স্থানান্তর শুরু হয়েছে। 

এদিকে উখিয়াস্হ ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক এসপি মো নাইমুল হক ভাসানচর অভিমূখে রোহিঙ্গা পরিবারের সদস্যরা রওয়ানা দেওয়ার কথা নিশ্চিত করেছেন।  তবে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১