বাংলাদেশের খবর

আপডেট : ১১ February ২০২২

ঝিনাইগাতীতে ভয়াবহ অগ্নিকান্ডে ৮লক্ষ টাকার ক্ষয়ক্ষতি 


শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের মৃত দুল মাহমুদ এর ছেলে প্রান্তিক খামারি মোঃ আইনাল হকের গোয়ালঘরে আগুন লেগে ৬টি গরু পুড়ে গেছে।

গতকাল বৃহস্পতিবার গভীর রাতে (আনুমানিক ৩ টার দিকে) এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গোয়ালঘর সংলগ্ন রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

অগ্নিকাণ্ডে রান্নাঘর ও গোয়ালঘরসহ একটি ষাড় এবং দুইটি গাভী আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে। এছাড়াও আরো দুইটি গাভী এবং দুটি ছোট বাছুর পুড়ে মৃতপ্রায়।

সরেজমিনে দেখতে গেলে খামারী আইনাল হক জানান, সে সময় আমরা সকলেই ঘুমিয়ে ছিলাম। রাত ৩ টার পরে একালার লোকজনের চিল্লাচিল্লিতে ঘুম ভাঙলে উঠে দেখি আমার গোয়াল ঘরে আগুন লেগেছে। এলাকার লোকজন আগুন নিভানোর জন্য সার্বিক সহযোগিতা করেছে। শেরপুর ও ঝিনাইগাতী ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে দ্রুত তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনায় সংলগ্ন বসতবাড়ি রক্ষা পায়। সব মিলিয়ে প্রায় ৮লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আইনাল হক আরো বলেন, আমি গরু পালন ও কৃষি জমি চাষ করে আমার সংসার চালাই। আগুনে আমার সব স্বপ্ন পুড়ে গেছে। আমি এখন সর্বহারা। সরকারের কাছে আর্থিক সহযোগিতা কামনা করছি।

মালিঝিকান্দার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক দুঃখ প্রকাশ করে বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে ইউপি সদস্য সাইদুল ইসলাম ও লাল চাঁন মিয়াকে সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে আয়নাল হকের সার্বিক খোঁজ খবর নিয়েছি। ঘটনাটি ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগনকে জানিয়েছি। পরিবারটিকে বাঁচাতে সরকারী সহযোগিতা কামনা করছি।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনাস্থলে উপজেলা প্রাণিসম্পদ অফিসের প্রতিনিধিকে পাঠানো হয়েছে। তিনি সরেজমিনে পরিদর্শন করে রিপোর্ট পেশ করলে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১