আপডেট : ১০ February ২০২২
শাহাদৎ হোসেন শাহ, দিনাজপুর এবার স্মরণকালের সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে দিনাজপুরের ঐতিহ্যবাহী কাটারীভোগ ধান। কাটারীভোগ চালের ব্যাপক চাহিদা থাকায় এই ধানের আবাদ বাড়াতে কৃষকদের উৎসাহিত করত নানা পদক্ষেপ নিয়েছে জেলা কৃষি বিভাগ। কৃষকরা বলছেন, এরকম দাম তারা কখনই পাননি। মিল মালিক ও ধান ক্রেতারা বলছেন, বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এবার দাম বেড়েছে। দিনাজপুরের বিভিন্ন ধানের হাট ঘুরে দেখা গেছে, এবার প্রতিবস্তা (৭৫ কেজি) কাটারীভোগ ধানের নাম উঠেছে পাঁচ হাজার টাকা পর্যন্ত। অথচ এই কাটারীভোগের ধানের বস্তা প্রতি সর্বোচ্চ দাম ছিল তিন হাজার ২শ টাকা থেকে তিন হাজার ৩শ টাকা পর্যন্ত। সদর উপজেলার গোপালগঞ্জ ধানের হাটে ধান বিক্রি করতে আসা বিরল উপজেলার আজিমপুর গ্রামের কৃষক দেবেশ চন্দ্র রায় জানান, কাটারীভোগ ধানের এই দাম তারা কখনই পাননি। অন্যান্য ধানের তুলনায় এই ধানের ফলন কিছুটা কম হয়। এরপরও দাম না পাওয়ায় এবার আমন মৌসুমে এই ধানের আবাদ কমিয়ে দিয়েছেন তিনি। তিনি জানান, এর আগের মৌসুমে তিনি ১০ বিঘা জমিতে কাটারীভোগ ধান আবাদ করলেও এবার আবাদ করেছেন মাত্র দুই বিঘা জমিতে। কিন্তু এত দাম উঠবে, তা তিনি স্বপ্নেও ভাবেননি। এরকম দাম থাকলে আগামী দিনে বেশি করে কাটারীভোগ ধান আবাদ করবেন তিনি। বাজারের ধান ক্রেতা সলিল বসাক বলেন, চাহিদার তুলনায় এবার বাজারে কাটারীভোগ ধানের সরবরাহ একেবারেই কম। এ কারণে বেশি দামেই এই ধান কিনতে হচ্ছে। চাহিদার তুলনায় কাটারীভোগ ধানের সরবরাহ কম থাকার কথা উল্লেখ করে মিল মালিক সহিদুর রহমান পাটোয়ারী বলেন, কৃষকরা লাভবান হলে দেশে উৎপাদন বাড়বে। দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মাহবুবুর রহমান জানান, দিনাজপুর জেলায় এবার দুই লাখ ৬০ হাজার ৮২৫ হেক্টর জমিতে আমন ধান আবাদ করা হয়। এর মধ্যে, সুগন্ধিযুক্ত ধান আবাদ করা হয় ৮৩ হাজার ৮৫১ হেক্টর জমিতে। আর দিনাজপুরের ঐতিহ্যবাহী কাটারীভোগ ধান আবাদ হয় মাত্র এক হাজার ৩৭৬ হেক্টর জমিতে। কাটারীভোগ ধানের আবাদ কমে আসার কথা স্বীকার করে তিনি বলেন, দিনাজপুরের ঐতিহ্যবাহী কাটারীভোগ ধানের আবাদ বাড়াতে কৃষি বিভাগ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১