বাংলাদেশের খবর

আপডেট : ২৯ January ২০২২

বিশ্বে করোনায় মোট শনাক্ত ৩৭ কোটি ছাড়ালো


বিশ্বে করোনায় একদিনে শনাক্ত ছাড়িয়েছে ৩৪ লাখ। এর ফলে বিশ্বে এখন পর্যন্ত মোট শনাক্ত ছাড়ালো ৩৭ কোটি।

এদিকে গেল ২৪ ঘণ্টায় বিশ্বে প্রাণ হারিয়েছেন ১০ হাজার ৩২৪ জন। এই নিয়ে বিশ্বে মোট প্রাণহানি দাঁড়াল ৫৬ লাখ ৬৮ হাজার ১৫ জনে।

এছাড়া, একদিনে যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণ হারিয়েছেন আড়াই হাজারের বেশি মানুষ। এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৫২ লাখ ৭১ হাজার ৪০২ জন। মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৫ হাজার ৬৬১ জনের।

ভারতে কয়েকমাসের মধ্যে সর্বোচ্চ সাড়ে আটশ'র বেশি মানুষের প্রাণ গেছে। তবে কমেছে শনাক্তের সংখ্যা। দেশটিতে গেল ২৪ ঘণ্টায় ২ লাখ ৩৫ হাজারের বেশি করোনা শনাক্ত হয়েছে। প্রাণহানি ও সংক্রমণ বেড়েছে ব্রাজিল, মেক্সিকো, ইতালিসহ বেশ কয়েকটি দেশে। এদিকে রয়টার্স জানিয়েছে, রাশিয়ায় করোনায় এখন পর্যন্ত মোট প্রাণহানি ৭ লাখ ছাড়িয়েছে।

ওয়ার্ল্ডমিটারের তথ্যানুযায়ী সারা বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ কোটি ৪ লাখ ৯৭ হাজার ৪৯ জনে। আর বিশ্বব্যাপী করোনায় মৃত্যু হয়েছে ৫৬ লাখ ৬৮ হাজার ২৮২ জনের। এছাড়া বিশ্বে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ২৯ কোটি ২৪ লাখ ৭০ হাজার ৩৭৪ জনে।

এদিকে, করোনার আরও একটি নতুন ধরন শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। নিওকোভ নামের নতুন ওই ধরন দক্ষিণ আফ্রিকার বাঁদুরদের মধ্যে ছড়িয়ে পড়লেও মিউটেশন তৈরীর মাধ্যমে তা মানুষের জন্য হুমকি তৈরী করতে পারে বলে সতর্ক করেছেন তারা। আর এক ধাপ মিউটেশনের পরই ধরনটি সেই পর্যায়ে পৌঁছে যাবে বলেও জানিয়েছেন তারা।

চাইনিজ একাডেমি অফ সায়েন্সেস ও উহান বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এসব তথ্য জানিয়েছেন। এছাড়াও ২০১২ সালে সৌদি আরবে শনাক্ত মার্স ভাইরাসের সঙ্গেও এর মিল রয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। এদিকে চীনের বিজ্ঞানীদের শনাক্ত করা এই নতুন ধরনটির ব্যাপারে শুক্রবার বিবৃতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে ধরনটির ঝুঁকি সম্পর্কে জানতে আরও গবেষণা প্রয়োজন বলেও জানিয়েছে সংস্থাটি।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনার সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়লে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহামারি হিসেবে ঘোষণা করে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১