বাংলাদেশের খবর

আপডেট : ২৫ January ২০২২

সাফারি পার্কে নয় জেব্রার মৃত্যু, বৈঠকে বিশেষজ্ঞ দল


এশিয়ার বৃহৎ সাফারি পার্ক গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক এরই মধ্যে বেশ দর্শক জনপ্রিয়তা পেয়েছে। দেশি বিদেশী নানা প্রাণী ও পাখির বৈচিত্রময় সম্ভারে মুগ্ধ আগত দর্শনার্থীরা। বিভিন্ন সময় প্রাণীর মৃত্যু ঘটলেও সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটেছে গত বিশ দিনে। এ কয়দিনে অন্তত ৯ টি বড় আকারের জেব্রা মারা গেছে। এ নিয়ে সাফারি পার্কে চাপা ভয় ও আলোচনা সমালোচনা হচ্ছে। কি কারনে পর পর অল্প কদিনে এতগুলা জেব্রা মারা গেল তা নিয়ে চলছে পরীক্ষা নিরীক্ষা এমনি জানিয়েছেন পার্কের ভাপ্রাপ্ত কর্মকর্তা (এসিএফ) মো. তবিবুর রহমান। এটা কোনো ভাইরাস না ব্যাকটেরিয়ার আক্রমণ কিনা তা নিয়ে পার্কে দফায় দফায় বৈঠক চলছে বিষেশজ্ঞদের। এখনো কোনো সমাধান পাওয়া যায়নি বলেও পার্ক সূত্র জানিয়েছে।

পার্কের আফ্রিকান সাফারি জোনে অন্য সব প্রাণীদের সঙ্গে জেব্রার পাল বসবাস করে। জেব্রাগুলোর এমন অস্বাভাবিক মৃত্যুর খবর নিশ্চিত করেন পার্কের প্রকল্প পরিচালক মোঃ জাহিদুল কবির।বিষয়টি নিয়ে বিশেষজ্ঞদের দফায় দফায় বৈষকের কথাও তিনি জানিয়েছেন।

পার্কের একটি সূত্র নিশ্চিত করে জানান, এ নতুন শুরুতেই একটি জেব্রা মারা যায়। পরে পর্যায়ক্রমে ২ জানুয়ারি থেকেই হঠাৎ একেই একের পর এক করে জেব্রা মারা যাচ্ছে। এ নিয়ে কর্মকর্তা কর্মচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গতকাল (২৪ জানুয়ারি) সোমবার পর্যন্ত ৯টি জেব্রা মারা গেছে। এরই মধ্যে আরো বেশ কটি জেব্রা অসুস্থ মনে হচ্ছে। সূত্র আরো জানায় পার্কটিতে বিভিন্ন সময় বেশ কিছু শাবকের জন্ম হয়েছে। গত করোকালেও বেশ কটি শাবকের জন্ম হলো। তাতে পার্কে ৩১ টি জেব্রা হয়েছিল। এখন এ ৯ টি জেব্রার মৃত্যুর পর রয়েছে ২২টি জেব্রা। মৃত প্রাণীর মরদেহের নমুনা রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে পাঠানো হয়েছে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ফলাফল বিচ্ছিন্নভাবে এসেছে।

সূত্র জানায়, অন্যান্য প্রাণীর মৃত্যু হলেও একই ধরনের পরীক্ষা-নিরীক্ষা পদ্ধতি অবলম্বন করা হয়। তবে জেব্রার এই অস্বাভাবিক মৃত্যুর পর বিশেষ গুরুত্ব দিয়ে বিভিন্ন আঙ্গিকে নমুনা পরীক্ষা করা হচ্ছে।

ক্রমাগত জেব্রার সংখ্যা দিন দিন বৃদ্ধির ফলে এখান থেকে জাতীয় চিড়িয়াখানায় সম্প্রতি কিছু জেব্রা পাঠানোর পরিকল্পনা ছিল। কিন্তু হঠাৎ এমন মৃত্যু পার্ক সংশ্লিষ্ট সবাইকে ভাবিয়ে তুলছে। বিশেষজ্ঞরা চিন্তায় পড়ে গেছেন।

নাম প্রকাশ না করার শর্তে এক কর্মচারী জানান, সাফারি পার্কে জেব্রাকে ঘাস সরবরাহ করে মাহবুব এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। চারণভূমির ঘাস খাওয়ানোর পাশাপাশি সরবরাহকারী প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গা থেকে ঘাস এনে জেব্রাসহ অন্য প্রাণীদের খাওয়ানো হচ্ছে। এসব ঘাসেও বিষক্রিয়া হতে পারে বলে অনেকেই ধারণা করছে। এমন চিন্তা থেকেই মানিকগঞ্জের যে সব এলাকা থেকে ঘাস আনা হতো পার্কের স্যারেরা সেখানে গেছেন। ঘাস চাষিদের সাথে কথা বলেছেন।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসিএফ) তবিবুর রহমান জানান, সোমবার ঘাস সরবরাহকারী প্রতিষ্ঠানের মালিক সিরাজুল ইসলামকে নিয়ে মানিকগঞ্জে গিয়েছি। চেষ্টা করছি বের করতে আসলে কেন জেব্রার এমন অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটছে। ঘাসে কোনো বিষক্রিয়া হচ্ছে কিনা তাও ভাবছি। ঘাস উৎপাদন করা কৃষকদের সঙ্গে কথা বলেছি। সেখান থেকে বিভিন্ন ধরনের নমুনা সংগ্রহ করা হচ্ছে। সাফারি পার্কের চারণভূমির ঘাস ও মাটি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে পরীক্ষাগারে। কিছু পরীক্ষার মাধ্যমে নয়টি জেব্রার পাকস্থলীর বিভিন্ন নমুনা পরীক্ষা করে নাইট্রো ফসফরাসের উপস্থিতি পাওয়া গেছে। তা ছাড়াও বিভিন্ন ভাইরাস- ব্যাকটেরিয়ার উপস্থিতি মিলেছে।

পার্কের প্রকল্প পরিচালক মোঃ জাহিদুল কবির বলেন, এক সাথে এতগুলো জেব্রার এমন অস্বাভাবিক মৃত্যুর কারণ অনুসন্ধান চলছে। প্রত্যেকটির মরদেহ ময়না তদন্ত করা হয়েছে। মরদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পরীক্ষাগারে পাঠানো হয়েছে। আইসিডিডিআরবি, ঢাকার কিউসি ল্যাবসহ বিভিন্ন জায়গায় নমুনা পরীক্ষা করা হচ্ছে।

তিনি বলেন, সাফারি পার্কের নিরাপত্তায় কোনো ঘাটতি নেই। বাইরে থেকে কেউ এসে বিষ প্রয়োগ করবে, এমন ঘটনা ঘটার কথা না। তবু আমরা এগুলো মাথায় রেখেই মঙ্গলবারের বৈঠকে বসছি। সবকিছু রিপোর্টের উপর নির্ভর করছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা মতামত দিবেন। আমরা বৈঠকের পর সবকিছু জানতে পারবো ও জানাতে পারব।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১