বাংলাদেশের খবর

আপডেট : ০৮ January ২০২২

একাদশে অনলাইনে ভর্তির আবেদন শুরু


অনলাইনে শুরু হলো একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন। শনিবার (৮ জানুয়ারি) থেকে শুরু হওয়া এ ভর্তি কার্যক্রম চলবে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত।

তবে আগে মোবাইলে এসএমএসে আবেদনের সুযোগ থাকলেও এবার শুধু অনলাইনে ভর্তির আবেদন করা যাবে। আগামী ২ মার্চ থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি কলেজ পর্যায়ের শিক্ষার্থী ভর্তির বিষয়ে রোডম্যাপ তৈরি করেছে। আবেদনে শিক্ষার্থীরা সর্বনিম্ন পাঁচটি ও সর্বোচ্চ ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচন করবে। এবারও ডিজিটাল পদ্ধতিতে লটারির মাধ্যমে কলেজ পাবে আবেদনকারীরা। ভর্তির জন্য তিন ধাপে মেধাতালিকা প্রকাশ করা হবে। আবেদনের জন্য ভর্তির ওয়েবসাইটে xiclassadmission.gov.bd সব তথ্য পাওয়া যাবে।

৩০ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চিত করতে হবে। সিলেকশন নিশ্চিত না করলে তাকে পুনরায় ফিসহ আবেদন করতে হবে। ৭ ও ৮ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্যায়ের আবেদন নেওয়া হবে।

পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল এবং দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে ১০ ফেব্রুয়ারি। ১১-১২ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চিত করতে হবে। এ সময়ের মধ্যে সিলেকশন নিশ্চয়ন না করলে আবেদন বাতিল হবে।

একইভাবে ৩ ফেব্রুয়ারি তৃতীয় পর্যায়ের আবেদন নিয়ে পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল এবং তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে ১৫ ফেব্রুয়ারি। তৃতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ১৬ ও ১৭ ফেব্রুয়ারি সিলেকশন নিশ্চিত করতে হবে। এ সময়ের মধ্যে সিলেকশন নিশ্চয়ন না করলে আবেদন বাতিল হবে।

এই প্রক্রিয়ায় ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে এসএসসি পাস করা শিক্ষার্থীরাই কেবল আবেদন করতে পারবে। তবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পাস করা শিক্ষার্থীরা ২২ বছর বয়সেও আবেদন করতে পারবে।

যেসব শিক্ষার্থী এসএসসি ও দাখিলের ফল পুনঃ নিরীক্ষার আবেদন করবে, তারা ১৫ জানুয়ারির মধ্যে আবেদন করলেও ফল পরিবর্তনকারীরা ২২ ও ২৩ জানুয়ারি আবেদন করতে পারবে। ২৪ জানুয়ারি পছন্দক্রম পরিবর্তনের সুযোগ দেওয়া হবে। আর ২৯ জানুয়ারি প্রথম দফায় নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে।

অন্যদিকে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতেও ৮ জানুয়ারি থেকে আবেদন নেওয়ার কথা ভাবা হচ্ছে বলে জানা গেছে। কারিগরি শিক্ষা বোর্ড থেকে ভর্তি নীতিমালাসহ এসংক্রান্ত প্রস্তাব অনুমোদনের জন্য ইতোমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১