বাংলাদেশের খবর

আপডেট : ০৬ December ২০২১

২০টি গরুর মৃত্যু রহস্য উদ্ঘাটনে মাঠে দুটি তদন্ত টিম


ফুলবাড়ীতে গত এক সপ্তাহে অজ্ঞাত রোগে ২০টি গরুর মৃত্যুর ঘটনায় দুটি বিশেষ তদন্ত টিম এলাকাবাসীকে সতর্ককরণসহ রহস্য উদ্ঘাটনে কাজ করছে। তারা ধারণা করছেন লেড বিষক্রিয়ার কারণেই ওই গরুগুলোর মৃত্যু হয়েছে। গত শনিবার বিকেলে উপজেলার আলাদিপুর ইউনিয়নের বাসুদেবপুর পাকড়ডাঙ্গা গ্রামে (ফুলবাড়ী-মাদিলাহাট সড়ক) ব্যাটারি রিসাইকেল কারখানা স্থানে উপস্থিত হয়ে নমুনা সংগ্রহ করে ওই তদন্তটিমগুলো। উপজেলার প্রাণিসম্পদের ভেটেনারী সার্জন ডা. নেয়ামত আলীর নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত টিম এবং অন্যটিতে প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শাহানুর আলমের নেতৃত্বে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত টিম রহস্য উদ্ঘাটনে কাজ করছে।

উপজেলার প্রাণিসম্পদের ভেটেরিনারি সার্জন ডা. নেয়ামত আলী বলেন, অজানা কারণে গরু মারা যাওয়ার ঘটনায় দুটি বিশেষ তদন্ত টিম কাজ করছে। টিমের সদস্যরা সরেজমিন তদন্ত করে ধারণা করা হচ্ছে এটি লেড বিষক্রিয়ার কারণে ঘটেছে। এ ঘটনায় এলাকাবাসীকে সতর্কীকরণসহ গরু খামারিদের বিভিন্ন দিকনিদের্শনা দেয়া হচ্ছে। মাইকিংয়ের মাধ্যমে ওই এলাকার আশেপাশের ঘাস ও খড় গবাদিপশুকে না খাওয়ানোর জন্য অবহিত করা হচ্ছে। কারখানা এলাকার বিষাক্ত মাটি, ঘাস এবং খড়ের নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া কারখানা এলাকাটি গবাদিপশুর চারণভূমি হিসেবে ব্যবহার না করার জন্য সাইনবোর্ড টানিয়ে দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন বলেন, ওই এলাকা থেকে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১