আপডেট : ২৬ November ২০২১
গত ১০ নভেম্বর দেশে চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা অনুযায়ী আগামী মাসের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। এতে ৬ ইউনিয়নে আ’লীগের প্রার্থীও চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এরপর মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে নৌকার মনোনয়নপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। এ উপজেলায় ৬ ইউনিয়নের মধ্যে এবার আওয়ামী লীগের ৩ নতুন মুখ নৌকার টিকেট পেয়েছেন। বাকি ৩ জন বর্তমান চেয়ারম্যানকেই মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। নৌকার ৩ নতুন মুখ হলেন- গোবিন্দাসী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন চকদার, অর্জুনা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রফিকুল ইসলাম রফিক (অলোয়া)। বর্তমান তিন চেয়ারম্যান (নৌকা প্রতীক) হলেন- নিকরাইল ইউনিয়ন আ’লীগের সভাপতি মুহাম্মদ আব্দুল মতিন সরকার, গাবসারা ইউনিয়ন আ.লীগের সভাপতি মনিরুজ্জামান মনির ও ফলদা ইউনিয়ন আ’লীগের সভাপতি সাইদুল ইসলাম তালুকদার। এদিকে, উপজেলার ছয় ইউনিয়নের আওয়ামী লীগের নৌকার মনোনয়ন পাওয়ায় ছয় প্রার্থীর নেতাকর্মীরা এলাকায় সোমবার রাতেই আনন্দ-মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন। নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় মোটরসাইকেল শোডাউন করেন। এখন নেতাকর্মীদের মাঝে বইছে আনন্দের আমেজ। চা স্টল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও প্রচারণার কমতি নেই তাদের। মনোনয়ন পাওয়ার পরপরই ফেসবুকে নৌকা প্রার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রার্থীদের নেতাকর্মীরা। নৌকার বিজয়ের লক্ষ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোট প্রার্থনা ও দোয়া চেয়েছেন প্রার্থীরা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১