আপডেট : ২৪ November ২০২১
দেশের উন্নয়ন-অর্জনে ঈর্ষান্বিত হয়ে বিএনপি সাম্প্রদায়িক অপশক্তিকে সঙ্গে নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তারেক রহমান লন্ডনে বসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে সাম্প্রদায়িক অপশক্তিকে উস্কানি দিচ্ছেন। আজ বুধবার নাটোরের বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নিজের সরকারি বাসভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এ সময় দলের নেতাকর্মীদের এই অপশক্তির বিরুদ্ধে সতর্ক থাকার আহবান জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, জনগণের কাছে ভোট চাওয়ার মতো বিএনপির কোনো মুখ নেই, তাই তারা আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে নতুন নতুন ইস্যু খুঁজে বেড়াচ্ছে। বিএনপির রাজনীতি মাঠে নয়, এখন মিডিয়া নির্ভর ৷ আর বিএনপির দণ্ডপ্রাপ্ত পলাতক নেতা তারেক রহমান লন্ডনে বসে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে সাম্প্রদায়িক অপশক্তিকে উস্কানি দিয়ে যাচ্ছেন। বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না- বিএনপি নেতাদের এ বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন বর্তমান সরকারের অধীনে অনুষ্ঠিত হবে না। নির্বাচন হবে নির্বাচন কমিশনের (ইসি) অধীনে। বিএনপিকে নির্বাচনে জয়ী হবার নিশ্চয়তা দিলেই ইসি নিরপেক্ষ, আর না দিলে নিরপেক্ষ নয়। ওবায়দুল কাদের বলেন, আগামী জাতীয় নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। কে অংশ নেবে, কে নেবে না তা দেখার কিছু নেই, কারণ নির্বাচন কারো জন্য বসে থাকবে না। বিএনপি ইউপি নির্বাচনে দলীয় প্রতীকে অংশ না নিলেও ঘোমটা পরে স্বতন্ত্র প্রার্থী হয়ে অংশ নিচ্ছে৷ তারা নির্বাচনে হানাহানি ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে ষড়যন্ত্র করছে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। দলের মধ্যে যারা সাংগঠনিক শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে তাদের বিরুদ্ধে শোকজ ও প্রাথমিকভাবে বহিষ্কার করে কেন্দ্রে পাঠানোর জন্য জেলা কমিটিকে নির্দেশ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি দুঃসময়ের ত্যাগীদের কমিটিতে রাখার নির্দেশ দিয়ে বলেন, তাদের অবশ্যই মূল্যায়ন করতে হবে। সুসময়ে অনুপ্রবেশকারীরা দলের ভেতর বিশৃঙ্খলা সৃষ্টি করবে ৷ ভাড়া করে খারাপ লোকদের দলে এনে দল ভারী করার দরকার নেই। বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল কুদ্দুসের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো. আবদুল কুদ্দুছ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল।
ইউপি নির্বাচনে দলের মনোনয়ন যারা পায়নি তারা দলের নিয়ম না মেনে বিদ্রোহী প্রার্থী হচ্ছেন এবং যারা নেপথ্যে মদদ দিচ্ছেন তাদের বিরুদ্ধেও কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওবায়দুল কাদের।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১