আপডেট : ১৩ November ২০২১
কক্সবাজারের টেকনাফের হ্নীলার লেদা এলাকার ট্রলার মালিক সালেহ আহমেদের জালে ধরা পড়েছে ৩০ কেজি ওজনের একটি কালো পোয়া। কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার ট্রলার মালিক সালেহ আহমেদের জালে ধরা পড়েছে এই কালো পোয়াটি। আজ শনিবার সকালের দিকে টেকনাফ পৌরসভার কায়ুকখালী ঘাটে মাছটি আনা হয়। এ সময় মাছটির দাম উঠে সাড়ে সাত লাখ টাকা। জানা যায়, শনিবার বেলা ১১টার দিকে টেকনাফ পৌর কায়ুকখালী ঘাটে মাছ ধরা নৌকাটি ৩০ কেজি ওজনের কালো পোয়া একটি, ৪০টি রাঙা চৈ ও চারটি সামুদ্রিক কোরালসহ ভেড়ে। এরপর ঘাটে কালো পোয়া মাছটির কেজিপ্রতি ২৫ হাজার টাকা মূল্য ধরে মোট সাড়ে সাত লাখ টাকায় কিনতে আগ্রহ দেখান স্থানীয় মাছ ব্যবসায়ী জামাল হোসেন। তবে দরদাম মনমতো না হওয়ায় ও আরও বেশি মূল্যে বিক্রি করার আশায় মাছটি কক্সবাজার ফিশারি ঘাটে নিয়ে যান বোট মালিক সালেহ আহমেদ। সালেহ আহমেদ জানান, তিন দিন আগে বঙ্গোপসাগরে মাছ শিকার করতে যায় তার ট্রলারটি। সেখানে শনিবার সকালে জালে সেই কালো পোয়াসহ ৪০টি রাঙা চৈ ও চারটি সামুদ্রিক কোরাল ধরা পড়ে। অন্যান্য মাছগুলো ৭০ হাজার টাকায় বিক্রি করলেও কালো পোয়া মাছটির দাম আরও বেশি পাওয়ার আশায় মাছটিকে কক্সবাজার ফিশারি ঘাটে নিয়ে যান তিনি। এর আগেও ১১ নভেম্বর সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের আবদুল মন্নান মেম্বারের ফিশিং বোটে ধরা পড়েছিল ২টি কালো পোয়া মাছ। মাছ দুটির ওজন ছিল ৬৪ কেজি ৭০০ গ্রাম। কক্সবাজারের স্থানীয় মাছ ব্যবসায়ীরা ৭ লাখ ৬০ হাজার টাকায় কিনে নিয়েছিলেন মাছ দুটি। খোঁজ নিয়ে জানা যায়, কালো পোয়া মাছ চড়া দামে রপ্তানি করা হয়। বিশেষ করে এই মাছের বায়ুথলী মেডিকেল কেমিক্যাল হিসেবে ব্যবহার হয় বলে মাছ ব্যবসায়ীরা জানান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১