বাংলাদেশের খবর

আপডেট : ০৫ November ২০২১

আড়ানীর হলুদ বিদেশে রপ্তানি


বাঘা (রাজশাহী) প্রতিনিধি

 

বাঘা উপজেলার আড়ানীর হলুদ বিদেশে রপ্তানি করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান। তিনি জানান, উপজেলায় পাবনা, গাঙ্গীয়া, সোনামুখী, ডিমলা বারী-১ প্রভৃতি জাতের হলুদ চাষ হয়। গাঙ্গীয়া জাতের হলুদ ভালো ফলন হয়। এ জাতের হলুদ আকারে মোটা এবং রং অন্যান্য হলুদের তুলনায় ভালো। প্রতি বিঘা জমিতে ৪৫ থেকে ৫০ মণ উৎপাদন হয়। হলুদ চাষে জৈবসার ব্যবহারে খরচ খুব কম হয়। বিঘাপ্রতি সার ও বীজসহ খরচ হয় প্রায় আট থেকে ১০ হাজার টাকা। এক বিঘা জমির কাঁচা হলুদ প্রায় ৪৫ থেকে ৫০ হাজার টাকায় বিক্রি হয়।

বাগানের ছায়াযুক্ত জমিতে হলুদ চাষ ভালো হয়। এক সাথে ফল ও হলুদ দুটো পাওয়া যায়। সরকারিভাবে বীজ সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হলে আগামীতে অনেক চাষি হলুদ চাষ করতে আগ্রহী হবে।

এ বিষয়ে আড়ানীর হলুদ ব্যবসায়ী একরামুল হক সনত বলেন, এ এলাকার হলুদের সুনাম দেশব্যাপী রয়েছে। প্রতি সপ্তাহে শনি ও মঙ্গলবার হাটে হলুদ কিনে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, বরিশাল, খুলনাসহ বিভিন্ন জায়গাতে নিয়ে যায়। বর্তমানে ৪০ কেজি শুকনা হলুদ সাড়ে তিন হাজার টাকা থেকে সাড়ে ৬ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান বলেন, উপজেলার পাশ দিয়ে বড়াল নদী বয়ে যাওয়ায় জমিতে বৃষ্টির পানি জমে থাকে না। উঁচু ও ছায়াযুক্ত জমিতে হলুদের ফলন ভালো হয়। উপজেলার হলুদ আমের মতো বিদেশে রপ্তানি করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। উপজেলায় সাড়ে ৬০০ হেক্টর জমিতে হলুদের চাষ হয়েছে। লক্ষ্যমাত্রা ৮ হাজার ৩০০ টন। এ বছর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাড়ে ১০ হাজার টন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১