বাংলাদেশের খবর

আপডেট : ০৪ November ২০২১

মির্জাপুরে এসএসসি পরীক্ষা দেবে সাড়ে ছয় হাজার পরীক্ষার্থী


আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিতব্য এস.এস.সি ও সমমানের পরীক্ষায় মির্জাপুর উপজেলার ছয় হাজার পাঁচশত ছিয়াত্তর জন পরীক্ষার্থী অংশ নেবে। করোনাসহ বিভিন্ন কারণে শিক্ষার্থী ঝড়ে পড়লেও গত বছরের চেয়ে এ বছর পরীক্ষার্থীর সংখ্যা বেশি বলে নিশ্চিত করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রবীর কুমার চৌধুরীর দেয়া তথ্যমতে, উপজেলার ৫৩টি উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ৫ হাজার ৯১২ ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল ৩০০ জন, ১৪টি মাদরাসা থেকে দাখিল পরীক্ষার্থী ৩৬৪ ও এ পরীক্ষায় অংশ নেবে। ৭টি কেন্দ্রের ৮টি ভেন্যুতে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বছর এ উপজেলায় এসএসসি ও ভোকেশনাল বিভাগে পাঁচ হাজার একশত তেইশ ও দাখিল তিনশত ঊনত্রিশ জন পরীক্ষার্থী ছিলো। এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১২৪ জনে। ঝড়ে পড়েছে ৬১৭ শিক্ষার্থী।

অনুসন্ধানে জানা গেছে, করোনাকালীন সময়ে সারা উপজেলায় বাল্য বিয়ের শিকার হয়েছেন বিভিন্ন বিদ্যালয় ও দাখিল মাদরাসার ১৭০ ছাত্রী ও বিভিন্ন কারণে লেখাপড়া বন্ধ করে দিয়েছে ৪৪৭ জন ছাত্র-ছাত্রী।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুন-অর-রশিদ বাংলাদেশের খবরকে বলেন, এসএসসি পরীক্ষার জন্য আমাদের সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রতিটি কেন্দ্র সচিবকে তার দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়েছে। আশা করা যাচ্ছে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, আমরা পরীক্ষা চলাকালীন সার্বক্ষণিক সকল কেন্দ্রই মনিটরিং করবো। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি কোনো মহল পরীক্ষা কেন্দ্রে বা কেন্দ্রের আওতাধীন এলাকায় কোনো ধরণের নাশকতা সৃষ্টি করে তাহলে কাউকেই ছাড় দেয়া হবেনা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১