বাংলাদেশের খবর

আপডেট : ২৯ October ২০২১

ইয়াবা কেনাবেচার সময় আটক ১


টাঙ্গাইলের মির্জাপুরে ইয়াবা কেনাবেচার সময় এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার লতিফপুর ইউনিয়নের বান্ধাচালা উত্তরপাড়া গ্রাম থেকে তাকে মাদকসহ আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে লতিফপুর উত্তরপাড়া গ্রামের আতাউর রহমান লেবুর ছেলে মাদক ব্যবসায়ী মিজানুর রহমান (৪৭) পালিয়ে যায়। গ্রেপ্তার আসামি লতিফপুর গ্রামের মো. শামছুল হকের ছেলে মো. কবির হোসেন (২৮)।

জানা যায়, বৃহস্পতিবার রাতে লতিফপুরের বান্ধাচালা উত্তরপাড়া গ্রামের মিজানুর রহমানের বাড়ির উঠানে মাদকদ্রব্য কেনাবেচা করছে এমন সংবাদে ওই এলাকায় মির্জাপুর থানার এস.আই মো. আবুল বাশার মোল্লার নেতৃত্বে সঙ্গীয় অফিসারদের নিয়ে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন ব্যক্তি পালানোর চেষ্টাকালে একজনকে আটক করে পুলিশ এবং মিজানুর রহমান নামের মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। পরে গ্রেপ্তারকৃত আসামীর দেহ তল্লাশি করে ১৫০ পিচ ইয়াবা ও ফেলে যাওয়া ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল, একটি মোবাইল ও মাদক বিক্রির নগদ টাকাও উদ্ধার করা হয়।

আটক আসামী ও পলাতক মাদক ব্যবসায়ী দুজনের বিরুদ্ধে মির্জাপুর থানায় একাধিক মামলা রয়েছে বলেও নিশ্চিত করেছে পুলিশ।

মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. মোশারফ হোসেন বাংলাদেশের খবরকে জানান, গ্রেপ্তারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে মির্জাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ৭ দিনের রিমান্ড আবেদন চেয়ে শুক্রবার দুপুরে আসামিকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১