বাংলাদেশের খবর

আপডেট : ০৪ October ২০২১

চাটমোহরে ব্যস্ত সড়কে পাটের হাট, যানজটে ভোগান্তি


চাটমোহর-পাবনা সড়কের উপর বসে বিশাল পাটের হাট। সপ্তাহের প্রতি রোববার এই সড়কের অমৃতকুন্ডা (রেলবাজার) হাটে পাট বেচাকেনা হয় সড়কের উপর। ভোর থেকেই শুরু হয় পাট বেচাকেনা। এ সময় সড়কে সৃষ্টি হয় যানজটের। যাত্রীবাহী বাস, নসিমন, করিমন, সিএনজিসহ মালবাহী ট্রাককে দাঁড়িয়ে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা। বেড়ে যায় জনদূর্ভোগ। তবে সকাল ৮টার মধ্যেই পাট বেচাকেনা অনেকটাই শেষ হয়ে যায় বলে দাবি ব্যবসায়ীদের। প্রায় ৫ ঘণ্টা সড়কটি থাকে পাটের দখলে। এখানে প্রতি সপ্তাহে কয়েক হাজার মণ পাট বেচাকেনা হয় বলে জানালেন ব্যবসায়ীরা।

তারা জানান, সকাল ৮টার মধ্যেই সড়কটি ফাঁকা হয়ে যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম জানান, সড়কে উপরে পাট বিক্রির বিষয়টি তিনি শুনেছেন। স্থানীয় চেয়ারম্যানকে বলা হয়েছে যানজট নিরসনে ব্যবস্থা নিতে। তাছাড়া পুলিশ ও চৌকিদার দায়িত্ব পালন করেন।

চাটমোহরে চলতি মৌসুমে পাটের ভালো দাম পাচ্ছেন কৃষক। উপজেলার হাট-বাজারে বর্তমানে প্রতিমণ তোষা পাট বিক্রি হচ্ছে ৩ হাজার থেকে ৩ হাজার ২ শত টাকা। দেশি পাট বিক্রি হচ্ছে ২৪০০ টাকা মণ।
কৃষক জানান, প্রতি বিঘা জমিতে পাট উৎপাদন করতে ১২ থেকে ১৫ হাজার টাকা খরচ হয়। ফলন হয় ৮/১০ মণ। এতে প্রতিমণ পাটে গড়ে দেড় হাজার টাকা লাভ হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মাসুমবিল্লাহ জানান, চলতি মৌসুমে এ উপজেলায় ৮ হাজার ৭২০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। ফলনও ভালো পেয়েছেন কৃষক। বাজারে পাটের দামও ভালো।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১