বাংলাদেশের খবর

আপডেট : ২৮ September ২০২১

ভকুষ্টিয়ায় ভাতিজার হাতে চাচা খুন


কুষ্টিয়া সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় ধারালো দায়ের আঘাতে প্রশান্ত কুমার নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

অভিযোগ উঠেছে, পারিবারিক বিরোধে ভাতিজা সত্য কুমার চাচা প্রশান্ত কুমারকে (৩৫) হত্যা করেছেন। ঘটনার পর থেকে তিনি পলাতক। পুলিশ তাঁকে ধরতে অভিযান চালাচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশে বিত্তিপাড়া বাজার এলাকায় বাঁশের তৈজস তৈরির কারিগরদের বেশ কয়েকটি পরিবার বসবাস করেন। কয়েক দিন ধরেই সেখানে বাসকারী প্রশান্ত কুমারের স্ত্রীর সঙ্গে তাঁর ভাই আনন্দ কুমারের স্ত্রীর ঝগড়া চলছিল। এর জেরে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় আনন্দের সঙ্গে তাঁর ছেলে সত্য কুমার যোগ দেন।

একপর্যায়ে বাঁশ কাটার ধারালো দা দিয়ে প্রশান্ত কুমারকে আঘাত করেন সত্য কুমার। গুরুতর আহত হলে তাঁকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য একই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, স্থানীয় ব্যক্তিরা অভিযোগ করেছেন, ভাতিজা সত্য কুমারের দায়ের আঘাতে চাচা প্রশান্ত কুমার নিহত হন। তাঁকে আটক করতে অভিযান চলছে। থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১