বাংলাদেশের খবর

আপডেট : ১৯ September ২০২১

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ল


বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত করে এবং আগের সব শর্ত বহাল রেখে মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হয়েছে। আজ রোববারসচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তার ছোট ভাই শর্ত সাপেক্ষে মুক্তির সময় বৃদ্ধির একটি আবেদন করেছিলেন। পরীক্ষা নিরীক্ষা করে আমরা সেটি অনুমোদন দিয়েছি। আগের মতোই শর্তগুলো থাকবে।

তিনি বলেন, তিনি নিজ বাসায় থেকে, যেভাবে চিকিৎসা নিতে চান, সেভাবে চিকিৎসা নেবেন। তবে তিনি দেশের বাইরে যেতে পারবেন না। এর সঙ্গে আগে যেসব শর্ত ছিল, সেসব শর্ত বহাল থাকবে।

২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে ৬ মাসের জন্য মুক্তি পান খালেদা জিয়া। এরপর আরও দু দফা আবেদনের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়িয়ে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত করা হয়।

বিএনপি চেয়ারপারসনের পরিবারের সদস্য তাকে বিদেশে চিকিৎসার জন্য নিতে চলতি বছরের মে মাসে আবেদন করেন। তবে সরকার সেই আবেদন নাকচ করে দেয়।

দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দী হন। দু বছরেরও বেশি সময় কারাবন্দী ছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী।

২০২০ সালের ২৫ মার্চ মুক্তির পর থেকে খালেদা জিয়া গুলশানের ভাড়া বাড়িতেই অবস্থান করছেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১