বাংলাদেশের খবর

আপডেট : ১০ September ২০২১

অক্টোবরের পর ভ্যাকসিন সরবরাহ করবে ভারত: তথ্যমন্ত্রী


তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেছেন, অক্টোবর থেকে ভারতে ভ্যাকসিন উৎপাদন জোরদার হবে। তখন বাংলাদেশের সাথে চুক্তি অনুযায়ী ভারত ভ্যাকসিন সরবরাহ করবে।

সাম্প্রতিক ভারত সফর নিয়ে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, একটি সফল সফর হয়েছে। সফরে তিনি প্রেসক্লাব অব ইন্ডিয়ায় বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন।

ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে ডক্টর হাছান মাহমুদ জানিয়েছেন, ১ অক্টোবর থেকে বিদেশি চ্যানেলগুলোর ক্লিনফিড সম্প্রচার হবে বাংলাদেশে।

ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে ভ্যাকসিন নিতে অগ্রিম অর্থের বিনিময়ে বাংলাদেশ চুক্তি করলেও ভারত সরকার হঠাৎ করেই তা বন্ধ করে দেয়। সেসময় ভারতে করোনা পরিস্থিতি চরম অবনতি হয়েছিল। ২৫ জানুয়ারি সরকারের কেনা ভ্যাকসিনের প্রথম চালান ভারত থেকে আসে দেশে।

গত জুলাই মাসে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছিলেন, ভারতে করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে। ভ্যাকসিন উৎপাদনও দ্রুত বাড়ছে। আশা করছি খুব শীঘ্রই চুক্তি অনুযায়ী ভারতীয় ভ্যাকসিন বাংলাদেশকে সরবরাহ করতে পারব।

চুক্তি অনুযায়ী ভারতের সেরাম ইনস্টিটিউটের ৩ কোটি ডোজ সরবরাহ করার কথা ছিলো। সেখানে তারা এখন পর্যন্ত ভ্যাকসিন সরবরাহ করেছে মাত্র ৭০ লাখ ডোজ আর উপহার হিসেবে দুই ধাপে ভারত সরকার পাঠিয়েছে ৩২ লাখ ডোজ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১