আপডেট : ০৮ September ২০২১
সাকিব মিয়া (৮)। লকডাউনে মাদরাসা বন্ধ থাকায় কাজ নেয় পূর্বাচলে উপশহরের ল্যাংটার মাঝার নামে এলাকার আলামিন মিয়ার (২৫) চায়ের দোকানে। গত বৃহস্পতিবার সকালে দোকানির নির্দেশ না মানায় পেয়ারা গাছে ঝুলিয়ে তাকে অমানুষিক নির্যাতন করে দোকানী আলআমিন মিয়া। একপর্যায়ে সাকিবের ডান পা ভেঙে দেয়। ঘটনাটি উপজেলার সদর ইউনিয়নের পর্শি এলাকার। গতকাল মঙ্গলবার দুপুরে আলআমিন, সোহাগ, সুমন ও আব্দুর রহিমকে এজাহারনামীয় ও ৩/৪ জনকে অজ্ঞাত আসামি করে রূপগঞ্জ থানায় অভিযোগ করেছেন ওই শিক্ষার্থীর মা পারভিন আক্তার। সাকিব মিয়া উপজেলার পর্শি হারারবাড়ি এলাকার শাহিন মিয়ার বড় ছেলে। জানা গেছে, পারিবারিক অসচ্ছলতা ও লকডাউনে মাদরাসা বন্ধ থাকায় পুর্বাচলের আলামিন মিয়ার চায়ের দোকানে কাজ শুরু করে সাকিব মিয়া। বিভিন্ন সময় দোকানের কাজের বাইরেও অন্য কাজ করতে বাধ্য করা হতো তাকে। গত বৃহস্পতিবার দোকান মালিক সাকিবকে ঘাস কাটতে নির্দেশ দেয়। তার নির্দেশ অমান্য করায় সাকিবকে মারধর করে। একপর্যায়ে দোকানি আলামিন মিয়া (২৫) ও তার দুই সহযোগী সোহাগ (২৬) এবং সুমন (২৩) দোকানির বাড়ির পেয়ারা গাছে ঝুলিয়ে অমানুষিক নির্যাতন করে এবং সাকিবের ডান পা ভেঙে দেয়। এ সময় সাকিবের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। পরে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসা নেয়ার পর বর্তমানে সে রূপগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১