আপডেট : ৩১ August ২০২১
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাহিরচর ৪নং ফেরিঘাট জামে মসজিদ এর অর্ধেকসহ নদী গর্ভে চলে গেছে ৫টি পরিবারের বসতভিটা। পদ্মা নদীর ভাঙ্গনে নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। ভাঙ্গন আতঙ্কে ঘরবাড়ি সরিয়ে নেয় আরো অন্তত ২০ টি পরিবার। হুমকিতে রয়েছে ২ শতাধিক পরিবার। মঙ্গলবার সকাল ১০টার দিকে ভাঙ্গন কবলিত স্থান পরিদর্শন করতে আসেন বিআইডব্লিউটিএর প্রধান প্রকৌশলী মো. মুহিদুল ইসলাম। এদিকে ভাঙ্গন রোধে সোমবার থেকেই বিআইডব্লিউটিএ এখন পর্যন্ত ভাঙ্গন স্থানে জিও ব্যাগ ফেলে ডাম্পিং করছে। তবে এতে অসন্তোষ প্রকাশ করেছে স্থানীয় এলাকাবাসী। স্থানীয় ইউপি সদস্য আশরাফ হোসেন বলেন, ভাঙনে সিদ্দিক কাজীর পাড়ার ৫ টি পরিবারের বসতভিটা নদীতে বিলীন হয়ে যায়। তবে এলাকাবাসীর সহযোগিতায় তারা তাদের ঘরবাড়িগুলো দ্রুত সরিয়ে নিতে সক্ষম হয়।তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ভাঙ্গন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহন করার জন্য অনুরোধ জানান। মো. মুহিদুল ইসলাম বলেন, এখানে একটি চ্যানেল ছিল যেটি ভেঙ্গে গিয়েছে। মূলত সেটি ভাঙ্গার কারণেই এখন ঘাটগুলো সামনে চলে এসেছে। কোথায় ভাঙ্গবে তা আগে থেকে জানা কষ্টকর। পানির নিচ থেকে মাটি সরে যাওয়ার কারনেই ভাঙ্গন শুরু হয়। আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়ে থাকি এবং ভাঙ্গার সাথে সাথেই ব্যাবস্থা গ্রহন করি। তিনি আরো বলেন, এই ফেরি ঘাটের এরিয়া প্রায় আড়াই কিলোমিটার। এখানে কাজ করতে হলে যে অর্থের প্রয়োজন হয় সেখানেও আমাদের সীমাবদ্ধতা আছে। ঘাটটাকে স্থায়ী করার জন্য ইতিমধ্যেই প্রজেক্ট পাস হয়েছে। খুব শীঘ্রই কাজ শুরু হবে বলে তিনি জানান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১