আপডেট : ৩১ August ২০২১
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার গড়িয়ামহল গ্রামের ওয়াজেদ গাইনের ছেলে আবু মুছা সাতক্ষীরা সদর হাসপাতালে দীর্ঘ ২৮ দিন ভর্তি রয়েছেন। ভাঙা পা নিয়ে সু-চিকিৎসার জন্য তিনি সদর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গত ২৮ দিনে একাধিকবার প্রয়োজন হলেও তিনি সদর হাসপাতাল থেকে একবারও এক্স-রে করাতে পারেননি। ভাঙা পা নিয়েই এক্স-রে করাতে তাকে বার বার যেতে হয়েছে হাসপাতালের বাইরের ডায়াগনস্টিক সেন্টারে। এমন অভিযোগ কেবল আবু মুছার একারই নয়, হাসপাতালে ভর্তি ওই উপজেলার আবু বক্কার, সাতক্ষীরা সদর উপজেলার ঘুড্ডেরডাঙ্গীর শেখ আব্দুর রশিদ ও ফারুক হোসেনও জানিয়েছেন একই কথা। তারা জানান, হাসপাতালের এক্স-রে বিভাগে গেলে বলা হচ্ছে, তাদের ফিল্ম নেই। খোঁজ খবর নিয়ে জানা গেছে, গত ১ জুলাই থেকে ফিল্ম সংকটের কথা বলে হাসপাতালের এক্স-রে বিভাগ বন্ধ রাখা হয়েছে। শুধু তাই নয়, এক্স-রে বিভাগের খোঁজ নিতে গিয়ে বেরিয়ে এসেছে আরও গুরুত্বপূর্ণ তথ্য। আর তা হলো- গত ২ বছর ধরে সাতক্ষীরা সদর হাসপাতালের সিটি স্ক্যান মেশিনটিও বন্ধ করে রাখা হয়েছে। চিকিৎসাসেবা প্রার্থীদের অভিযোগ, করোনাকালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মধ্যে সিটি স্ক্যান অন্যতম। মূলত বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর দ্বারা প্রভাবিত হয়ে সিটি স্ক্যান মেশিনটি বন্ধ করে রাখা হয়েছে। ফলে সাধারণ মানুষকে হাসপাতালের বাইরের বেসরকারি হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারে চার থেকে ছয় হাজার টাকা দিয়ে সিটি স্ক্যান করাতে হচ্ছে। যেখানে সদর হাসপাতালেই মাত্র দুই হাজার টাকা খরচ করে সিটি স্ক্যান করা সম্ভব ছিল। দীর্ঘদিন ধরে সাতক্ষীরা সদর হাসপাতালের সিটি স্ক্যান মেশিনটি বন্ধ থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষ বা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির বিষয়টি নিয়ে কোনো মাথা ব্যথা নেই। সাতক্ষীরার সিভিল সার্জন ও সাতক্ষীরা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়েত মেশিন দুটো বন্ধ থাকার বিষয়টি সত্যতা স্বীকার করে বলেন, এক্স-রে বিভাগে ফিল্ম ফুরিয়ে গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাহিদা জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। আর সিটি স্ক্যান মেশিন কারিগরি ত্রুটির কারণে বন্ধ রয়েছে। এ বিষয়ে নিয়মানুযায়ী মেরামতকারী প্রতিষ্ঠান ও সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা তাড়াতাড়া ব্যবস্থা গ্রহণ করবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১