আপডেট : ২৮ August ২০২১
বরিশালের বাবুগঞ্জ উপজেলা হাসপাতালের সাথে দেহেরগতি ইউনিয়নবাসীর যোগাযোগের একমাত্র পাকা সড়কটি সুগন্ধা নদী শুক্রবার বিকেলে গ্রাস করে নিয়েছে। ফলে হাসপাতালের সঙ্গে যান চলাচল বন্ধ হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভূক্তভোগীরা বলেন, ইতোমধ্যে উপজেলার দেহেরগতি ইউনিয়নের চরসাধুকাঠী, বাহেরচর ঘোষকাঠি, উত্তর রাকুদিয়াসহ নদী সংলগ্ন গ্রামের অসংখ্য ঘরবাড়ি, ফসলি জমি, মসজিদ, নদীগর্ভে বিলীন হয়ে গেছে। উপজেলার দেহেরগতি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান বলেন, শুক্রবার বিকেলে আকস্মিকভাবে প্রায় পাঁচশত গজ পাকা সড়ক নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে করে উপজেলা হাসপাতালে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পরেছে। বাহেরচর ঘোষকাঠি গ্রামের বাসিন্দা রাকিবুল ইসলাম, মাঈনুদ্দিনসহ অনেকেই জানান, শুক্রবার বিকেল চারটার দিকে আকস্মিকভাবে ভাঙ্গন কবলিত বাহেরচর এলাকার প্রায় পাঁচশ গজ পাকা সড়ক নদী গ্রাস করে নিয়েছে। এরপর থেকে ওই সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। তারা আরও বলেন, সুগন্ধা নদীর অব্যাহত ভাঙ্গনে ক্রমেই ছোট হয়ে আসছে বাবুগঞ্জ উপজেলার মানচিত্র। প্রতিদিন সুগন্ধা গ্রাস করে নিচ্ছেন তীরবর্তী বাসিন্দাদের ঘরবাড়ি, ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা। বর্তমানে চরম ঝুঁকির মধ্যে রয়েছে ইউনিয়নের নদী সংলগ্ন দুটি স্কুল। সুগন্ধার অব্যাহত ভাঙ্গনে বহু পরিবার তাদের শেষ আশ্রয়টুকু হারিয়ে নিঃস্ব হয়ে পরেছেন। ভূক্তভোগীরা ভাঙ্গনরোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জোর দাবি করেছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১