বাংলাদেশের খবর

আপডেট : ২৫ August ২০২১

গৌরীপুরে ঝঁকিপূর্ণ সেতু দিয়ে পারাপার, দুর্ভোগে এলাকাবাসী


ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের রামগোপালপুর বাসস্ট্যান্ড থেকে পাঁচাশী হয়ে ধূরুয়া পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়কে বেরাটী নামকস্থানে আপনকালী খালের উপর ও গুইলাকালী খালের উপর নির্মিত দুটি সেতু ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

জানা যায়, প্রায় ২০-২৫ বছর ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেয়নি কেউ।

জানা যায়, উপজেলা ও জেলা শহরে যাতায়াতের একমাত্র রাস্তা এটি। এ রাস্তা দিয়ে প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে পাঁচাশী, বিশ্বনাথপুর, বেরাটি, কান্দুলিয়া, তেরশিরা, পলাশকান্দা, রোকন্দীপুর, বামনপুর, গিদ্ধিরপুর ছাড়াও ঈশ্বরগঞ্জ উপজেলার কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে থাকেন।

সরেজমিনে দেখা গেছে, ইটের তৈরি সেতুটির দুই পাশের দেয়াল ভেঙ্গে গেছে। নিচের অংশে ফাটল ধরেছে সেতুটির দুই পাস ভেঙে যাওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। পারাপারে দূর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী ও এলাকাবাসীর।

এই সেতু দিয়ে একসময় ভারী যান চলাচল করলেও বর্তমানে ঝুঁকিপূর্ণ হওয়ায় ভারী যান চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয়রা জানান গত কয়েক বছর ধরে এই অবস্থার সৃষ্টি হলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। ফলে যে কোন সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

এ বিষয়ে রামগোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম জানান, এই দুটি সেতু ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ রাস্তা দিয়ে ভারী যান চলাচল করতে পারেনা। এতে এলাকাবাসী খুব বিপদে রয়েছে। এই দুটি সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবী জানাচ্ছি।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আবু সালেহ মোঃ আব্দুল ওয়াহেদ জানান, সার্ভেয়ার আতিয়ার সাহেবের সাথে কথা বলেন উনি বলতে পারবে রাস্তাটির আইডি নাম্বার। এ বিষয়ে সার্ভেয়ার আতিয়ার রহমান জানান, এই দুটি সেতু নির্মাণে প্রস্তাব পাঠানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১