বাংলাদেশের খবর

আপডেট : ২৩ August ২০২১

সরকারি ত্রাণে যুক্ত হচ্ছে আলু


দেশের আলুর ফলন বেড়ে যাওয়ায় কৃষকের উৎপাদিত পণ্যের বাজারজাত নিশ্চিত করা এবং ভোক্তা পর্যায়ে আলুর চাহিদা মেটাতে দুস্থ মানুষের জন্য ত্রাণ সহায়তায় আলু যুক্ত করতে নির্দেশ দিয়েছে সরকার।

গত শনিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, এনজিও বিষয়ক ব্যুরো এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারকে ত্রাণ কার্যক্রমে আলু বিতরণে চিঠি দিয়েছে কৃষি মন্ত্রণালয়।

কৃষি মন্ত্রণালয়ের উপসচিব নাছিমা খানম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, দেশে আলু উৎপাদন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে আলুর পর্যাপ্ত মজুত রয়েছে। উৎপাদিত আলুর যথাযথ ও বহুমুখী ব্যবহার নিশ্চিত প্রয়োজন। তাই বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতি মোকাবিলা, হতদরিদ্রের মাঝে চাল, গম, আটা এবং অন্য ত্রাণসামগ্রী বিতরণের পাশাপাশি আলুও বিতরণ করা যেতে পারে।

এর মধ্য দিয়ে আলুর বহুমুখী ব্যবহার যেমন বৃদ্ধি পাবে, তেমনি ভোক্তা পর্যায়ে আলুর চাহিদা পূরণ হবে বলে মনে করছে সরকার।  পাশাপাশি কৃষকের উৎপাদিত পণ্যের বাজারজাত নিশ্চিত হবে বলেও জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।

দেশে আলুর পর্যাপ্ত মজুত থাকায় ত্রাণ কার্যক্রমে চাল, গম, আটা এবং অন্য ত্রাণসামগ্রী বিতরণের তালিকায় আলুকে অন্তর্ভুক্ত করতে আলাদা তিনটি চিঠি দিয়েছে কৃষি মন্ত্রণালয়।

গত ১০ আগস্ট কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের সঙ্গে এফবিসিসিআই ও বাংলাদেশ কোল্ডস্টোরেজ অ্যাসোসিয়েশনের প্রতিনিধ দল সচিবালয়ে সাক্ষাৎ করে ত্রাণসহ সরকারি বিভিন্ন কর্মসূচিতে আলু বিতরণের অনুরোধ জানায়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যানুযায়ী, চলতি ২০২১ মৌসুমে এক কোটি ১০ লাখ টন আলু উৎপাদিত হয়েছে। বিপরীতে দেশে আলুর চাহিদা ৮৫ থেকে ৯০ লাখ টন। এর ফলে প্রায় ২০ লাখ টন আলু উদ্বৃত্ত রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১