আপডেট : ১৪ August ২০২১
টিকা নিয়ে বিএনপি নয়, আওয়ামী লীগই অপরাজনীতি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্প্রতি সরকারের মন্ত্রী ও নেতাদের দেওয়া বক্তব্যের প্রতি ইঙ্গিত করে আজ শনিবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব এই অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, টিকা সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণের কোনো বিজ্ঞানসম্মত, বাস্তবসম্মত ব্যবস্থাপনা সরকার তৈরি করতে পারেনি। উপরন্তু, দুর্নীতির আশ্রয় গ্রহণ করে অন্যান্য উৎস থেকে টিকাপ্রাপ্তির সম্ভাবনাকে বিনষ্ট করেছে তারা। বিএনপির মহাসচিব বলেন, বিএনপি মনে করে টিকা নিয়ে বিএনপি কোনো রাজনীতি করছে না। অপরাজনীতি করছে আওয়ামী লীগ সরকার। মিথ্যা ও ভুল তথ্য দিয়ে একদিকে জনগণকে প্রতারনা করছে, অন্যদিকে জনগণকে চরম দুর্ভোগ ও ভোগান্তির মধ্যে ফেলেছে। মির্জা ফখরুল বলেন, সরকারের হিসাবে দেখা যাচ্ছে দুই ডোজ টিকা পেয়েছেন মাত্র ৫২ লাখ মানুষ। প্রথম ডোজ পেয়েছে এক কোটি ৫৩ লাখ, অথচ জনসংখ্যা প্রায় ১৮ কোটি। টিকা নিয়ে এই প্রতারণা অপরাধের শামিল। অবিলম্বে টিকা সংগ্রহে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে সমগ্র জনগোষ্ঠীকে টিকা প্রদানের জন্য। প্রয়োজনে মেগা প্রজেক্ট স্থগিত করে হলেও সম্ভাব্য সব উৎস থেকে টিকা সংগ্রহ করতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক মান অক্ষুণ্ণ রেখে দেশে টিকা উৎপাদনের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি। লকডাউন তুলে নেওয়া আত্মঘাতী হয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির স্থায়ী কমিটির সভায় করোনার ডেল্টা ভ্যারিয়্যান্টের মারাত্মক সংক্রমণ বৃদ্ধি অব্যাহত থাকা সত্ত্বেও বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করে লকডাউন শিথিল এবং দুদিন পর ১৯ তারিখ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান ব্যতিত সবকিছু খুলে দেওয়ার সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সভা মনে করে এই সিদ্ধান্ত আত্মঘাতী। লকডাউন কেন ফলপ্রসূ হয়নি, তা ব্যাখ্যা করে মির্জা ফখরুল বলেন, বিএনপি বরাবরই বলে এসেছে ‘দিন আনে দিন খায়’ মানু্ষের খাদ্য নিরাপত্তা, নিম্ন আয়ের মানুষের কাছে ক্যাশ ট্রান্সফার করা সবচেয়ে জরুরি ছিল। সরকার কর্ণপাত করেনি। সে কারণে অপরিকল্পিত লকডাউন ফলপ্রসূ হয়নি। বাংলাদেশে টিকা সংগ্রহে যুক্তরাষ্ট্রের প্রবাসী হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক চৌধুরী হাফিজ হাসান, অধ্যাপক মাসুদুল হাসান, অধ্যাপক জিয়াউদ্দিন আহমেদ সাদেক এবং সাবেক ইউএন কর্মকর্তা মাহমুদ উদ সামস চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগের জন্য তাঁদের প্রতি দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএনপির মহাসচিব। বর্তমান ডেঙ্গু পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে মির্জা ফখরুল বলেন, সরকার ও সিটি করপোরেশনগুলো ব্যর্থতার কারণে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার নিচ্ছে। সিটি করপোরেশনগুলো এসিড মশা নিধনের বাস্তবসম্মত কোনো উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে। জনগণকে সম্পৃক্ত করে এডিস মশা নিধনের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১