বাংলাদেশের খবর

আপডেট : ১১ August ২০২১

করোনায় আরো ২৩৭ মৃত্যু


দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে ২৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৩৯৮ জনে। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন ১০ হাজার ৪২০ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ লাখ ৮৬ হাজার ৭৪২ জনে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আগের দিন মঙ্গলবার সারা দেশে ১১ হাজার ১৬৪ জন নতুন রোগী শনাক্ত হয়, মৃত্যু হয় ২৬৪ জনের। সেই হিসেবে এক দিনের ব্যবধানে শনাক্ত রোগীর আর মৃত্যুর সংখ্যা দুটোই কিছুটা কমেছে।

গত এক দিনে শুধু ঢাকা বিভাগেই ৫ হাজার ১৬৩ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে যা দিনের মোট শনাক্ত রোগীর অর্ধেক। আর এই সময়ে যে ২৩৭ জন মারা গেছেন, তাদের ১০৫ জনই ছিলেন ঢাকা বিভাগের। চট্টগ্রাম বিভাগে মারা গেছেন আরও ৫৪ জন।

সরকারি হিসেবে এক দিনে সেরে উঠেছেন ১৩ হাজার ৩১৩ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১২ লাখ ৪৮ হাজার ৭৫ জন সুস্থ হয়ে উঠলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ২৩ দশমিক ৪৫ শতাংশে। এই হার আগের দিন ২৩ দশমিক ৫৪ শতাংশ ছিল।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তারে গত জুন থেকে রোগীর সংখ্যা হু হু করে বেড়ে ১৩ লাখ পেরিয়ে যায় গত ৪ অগাস্ট। এর মধ্যে ২৮ জুলাই দেশে দিনে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

এর আগে, মঙ্গলবার ২৬৪, সোমবার ২৪৫, রোববার ২৪১, শনিবার ২৬১, শুক্রবার ২৪৮, বৃহস্পতিবার ২৬৪ জনের মৃত্যু হয়। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এ দিন মৃত্যু হয় ২০১ জনের। এরপর থেকে প্রায় প্রতিদিনই করোনায় দুই শতাধিক মানুষের মৃত্যু হচ্ছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১