আপডেট : ০৯ August ২০২১
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আগামী ১১ আগস্ট থেকে অফিস-আদালত, গণপরিবহন এবং দোকানপাট-শপিংমল খুলে দেওয়ার সিদ্ধান্ত হলেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে নির্দেশনা নেই। এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন,‘না সিদ্ধান্ত হয়নি। সেটা শিক্ষা মন্ত্রণালয় জানাবে। ওনারা এটা নিয়ে আলোচনা করছে কীভাবে এটা করা যায়। আগে তো ভ্যাকসিনেশন তারা জোরদার করছে। যাতে ছাত্রদেরও ভ্যাকসিন দিয়ে দেয়া যায়। তারপর দেখা যাক। সেটা ওনারা আপনাদের ব্রিফ করবে।’ বিধিনিষেধের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বিনোদনকেন্দ্র এবং গ্যাদারিংয়ের পারমিশন দেয়া হয়নি। শিক্ষা মন্ত্রণালয় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে এখনো সিদ্ধান্ত দেয়নি।’ গতবছরের মার্চে দেশে করোনারোগী শনাক্তের পর ১৮ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সবশেষ আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি। তবে, সংক্রমণ কমে গেলে সেপ্টেম্বর মাস থেকে বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু স্কুল পর্যায়ের আপাতত এই পরিকল্পনার মধ্যে নেই। অর্ধেক গণপরিবহন চলাচলের বিষয়ে জানতে চাইলে সচিব বলেন, ‘আমাদের আইনশৃঙ্খলা বাহিনী থেকে সাজেশন দেয়া হয়েছে অন্তত কিছুদিন আপনারা এটা করে দেন। আমরা জেলা পর্যায়ে ডিসি, এসপি, পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে বসে নিজেরা ঠিক করে দেব যতগুলো বাস আছে তার অর্ধেক আজ চলবে, পরদিন বাকি অর্ধেক চলবে।’ এদিকে ভ্যাকসিনের বিষয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী সেদিন বৈঠক শেষে এ বিষয়ে কথা বলেছেন। হেলথ মিনিস্ট্রি এ বিষয়ে আপনাদের ব্রিফ করবে। এটা আজকের মিটিংয়ে আলোচনা হয়নি।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১